'সুন্দরবন ধ্বংসী' রামপাল প্রকল্প বাস্তবায়ন করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি মিথ্যাচার ও সুন্দরবন রক্ষার আন্দোলনের প্রতি কটাক্ষ করছে বলে অভিযোগ করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। কমিটি বলেছে, ‘মিথ্যাচার করে সুন্দরবন ধ্বংসী’ রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করা যাবে না।
গতকাল বুধবার জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ এক বিবৃতিতে এ অভিযোগ করেন।
রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির গণমাধ্যমে দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এ প্রতিক্রিয়া জানায়। কোম্পানির বক্তব্য ছিল, এ প্রকল্প হলে পরিবেশ, জীববৈচিত্র্য ও এলাকার মানুষের ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।
জাতীয় কমিটির বিবৃতিতে বলা হয়, কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্র নদীর পানি ও বনের ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলবে। সরকারের পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের পক্ষ থেকেও প্রকল্প নিয়ে শুরুতে আপত্তি করা হয়েছিল। ইউনেসকো বলেছে যে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ যাবে। আন্তর্জাতিক পরিবেশ আইনে এই প্রকল্প গ্রহণযোগ্য নয়। ভারতীয় আইনেও এটা গ্রহণযোগ্য নয়। নির্মাণকারী কোম্পানি ও কতিপয় দেশি-বিদেশি সুবিধাভোগী ছাড়া আর সবাই রামপাল বিদ্যুৎ প্রকল্পের বিরোধী।
বিবৃতিতে বলা হয়, সুন্দরবন প্রাকৃতিক বাঁধ হিসেবে কাজ করে। এই প্রকল্প বাস্তবায়ন হলে দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষ প্রাকৃতিক দুর্যোগে অরক্ষিত হয়ে পড়বে।
এদিকে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির দাবি প্রত্যাখান করে রামপাল প্রকল্পের বিষয়ে স্বাধীন সমীক্ষা কমিশন গঠনের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভপূর্ব সমাবেশে মোর্চার নেতারা এ দাবি জানান। একই সঙ্গে সুন্দরবন অভিমুখে বাম মোর্চার রোডমার্চে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড, পুরানা পল্টন ও বিজয়নগর প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি।