'সুন্দরবন ধ্বংসের প্রকৃত ঘটনা আড়ালের চেষ্টা হয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনেসকো মিশনকে নিয়ন্ত্রণে রেখে সুন্দরবন ধ্বংসের প্রকৃত পরিস্থিতি আড়াল করতে সরকার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় কমিটি এই অভিযোগ তুলে বলেছে, ইউনেসকোর প্রতিনিধি দল সুন্দরবন এলাকা পরিদর্শনের সময় শুধুমাত্র সরকার নির্ধারিত ব্যক্তি ও দলীয় নেতা-কর্মী ছাড়া কোনো এলাকাবাসীর সঙ্গে কথা বলেনি। ওই দলটি সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নির্মাণাধীন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের কথা শুনেছেন। কিন্তু এসব বিপর্যয়ের বিরুদ্ধে সোচ্চার সংগঠন, বিশেষজ্ঞ বা নাগরিকসমাজের কোনো প্রতিনিধির সঙ্গে মতবিনিময় না করায় তারা যে প্রতিবেদনটি দেবে তা একপেশে হওয়ার আশঙ্কা রয়েছে।
কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ এক বিবৃতিতে এসব অভিযোগ করেছেন। তাঁরা বিবৃতিতে আরও বলেন, বাংলাদেশে অবস্থানের সময় ইউনেসকো মিশন পুরোপুরিভাবে সরকার ও কোম্পানির নিয়ন্ত্রণেই ছিলেন, যারা নিজেরাই সুন্দরবন বিপর্যয়ের বিভিন্ন ঘটনা ও সুন্দরবন বিনাশী বিভিন্ন প্রকল্পের জন্য অভিযুক্ত।
বিবৃতিতে অভিযোগ করা হয়, স্থানীয় জনগণের প্রতিনিধি হিসেবে যাদের ইউনেসকো মিশনের সামনে উপস্থাপন করা হয়েছে, তারা সরাসরি শাসক দলের বুলি শেখানো নেতা-কর্মী। মতবিনিময়ের জন্য দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণকে নিয়ে আন্দোলনরত রামপাল ভূমি রক্ষা কমিটির কাউকে আহ্বান জানানো হয়নি। জাতীয় কমিটির খুলনা ও বাগেরহাটের নেতৃবৃন্দের সঙ্গেও কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। রামপাল বিদ্যুৎ কেন্দ্র ও তেল দুর্ঘটনার প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণারত স্বাধীন গবেষক বিশেষজ্ঞদের মতামত জানতে চাওয়া হয়নি। নিরপেক্ষ বিশেষজ্ঞ হয়েছে যাদের মিশনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, তারা সরকারের আজ্ঞাবহ বা সুবিধাভোগী কিছু ব্যক্তি।