'সুন্দরবন রক্ষা'র দাবিতে লংমার্চ আজ শুরু
রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলসহ সাত দফা দাবি বাস্তবায়নে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির পাঁচ দিনব্যাপী ‘ঢাকা-সুন্দরবন লংমার্চ’ শুরু হচ্ছে আজ মঙ্গলবার। ২৮ সেপ্টেম্বর সুন্দরবনে সমাপনী জনসভা ও সুন্দরবন ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এই লংমার্চ।
শান্তিপূর্ণভাবে লংমার্চে যোগ দিয়ে জাতীয় স্বার্থরক্ষার আন্দোলন বেগবান করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় কমিটি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে লংমার্চ কর্মসূচি শুরু হবে। উদ্বোধনী সমাবেশে জাতীয় কমিটির নেতারা ছাড়াও বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা যোগ দেবেন।
লংমার্চের প্রথম দিন আজ জাতীয় প্রেসক্লাব থেকে শুরু করে শাহবাগ-সায়েন্স ল্যাবরেটরি-শ্যামলী-গাবতলী হয়ে সাভারের রানা প্লাজা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ধামরাই হয়ে মানিকগঞ্জে বিকেলে জনসভায় মিলিত হবে। ২৫ সেপ্টেম্বর গোয়ালন্দ, রাজবাড়ী সদর হয়ে ফরিদপুর। ২৬ সেপ্টেম্বর মধুখালী, কামারখালী, মাগুরা, ঝিনাইদহ, কালীগঞ্জ হয়ে যশোর। ২৭ সেপ্টেম্বর ফুলতলা, দৌলতপুর, খালিশপুর হয়ে খুলনা এবং ২৮ সেপ্টেম্বর বাগেরহাট, কাটাখালী, চুলকাঠি হয়ে আনুমানিক বেলা তিনটায় দিগরাজে (সুন্দরবন) পৌঁছাবে লংমার্চ। পথে পথে গান, নাটক ও প্রদর্শনী করবে লংমার্চে অংশগ্রহণকারী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে বলেন, জনগণের বিরোধিতা উপেক্ষা করে অস্বচ্ছ প্রক্রিয়ায় সরকার সুন্দরবন ধ্বংসকারী ও জাতীয় স্বার্থবিরোধী রামপাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করার চক্রান্ত করছে। যেকোনো মূল্যে সরকারের এই গণবিরোধী আয়োজন প্রতিহত করা হবে। বিদ্যুৎ-সংকট সমাধানের জন্য কিছুতেই সুন্দরবন ধ্বংস করতে দেওয়া হবে না।
লংমার্চ সফল করতে গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ছাত্র ইউনিয়ন। এতে প্রতিবাদী গান গেয়ে তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরোধিতা করেন সমবেতরা। চারণ, সাংস্কৃতিক ইউনিয়ন এবং ব্যান্ড দল চিৎকার, মেঘদল, সূর্যসারথীর শিল্পীরা অনুষ্ঠানে গান করেন।
লংমার্চের সমর্থনে: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানিয়েছেন, লংমার্চের সমর্থনে গতকাল ক্যাম্পাসে মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন জাতীয় কমিটির বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অধ্যাপক নাসিম আখতার হোসাইন, স্বাধীন সেন, এ টি এম আতিকুর রহমান প্রমুখ।