'সুন্দরবনকে মরতে দেব না হে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের কাছে দেশ মানে মা। আর সুন্দরবন হচ্ছে মায়ের মুখশ্রী। আমাদের এই মায়ের মুখ সুন্দরবন পৃথিবীতে একটাই। মায়ের যেমন বিকল্প হয় না, তেমনই সুন্দরবনের বিকল্পও নেই। বাংলাদেশে কয়লা বিদ্যুৎকেন্দ্র করার অনেক বিকল্প আছে। তাই আমরা সুন্দরবনে বিদ্যুৎকেন্দ্র চাই না।’

এ আহ্বানের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজন করে সিলেটের সাংস্কৃতিক সংগঠন ‘নগরনাট’। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘সুন্দরবনকে মরতে দেব না হে’ শিরোনামের এ আয়োজনে নগরনাট ছাড়াও সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন একাত্মতা ঘোষণা করে গান ও প্রতিবাদী কথার মাধ্যমে সুন্দরবন রক্ষার আহ্বান জানায়।

শুরুতে নগরনাট নিজস্ব পরিবেশনায় বাংলাদেশের বন, নদী ও প্রকৃতি নিয়ে গান পরিবেশন করে। ‘মানুষ আগুন লাগাইয়া দিল পরানের সুন্দরবনে...’ গানটিও পরিবেশন করা হয়। শেষে নগরনাটের সভাপতি অরূপ দাশ নির্দেশিত সুন্দরবন নাটক মঞ্চায়ন হয়।

গান, নাটকে সুন্দরবন রক্ষায় আহ্বানের ফাঁকে সিলেটের পরিবেশবাদী বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা বক্তব্য দেন। নগরনাটের সাধারণ সম্পাদক উজ্জ্বল চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরকার সোহেল রানা, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল কবীর ও সংবাদকর্মী দেবাশীষ দেবু।

সুন্দরবন রক্ষার পক্ষে বাংলাদেশের সব মানুষ মন্তব্য করে বক্তারা বলেন, ‘সুন্দরবনকে ভোট দিয়ে সারা বিশ্ববাসীকে জানান দেওয়ার অভূতপূর্ব সচেতনতা আমরা দেখেছি। তখন বিপক্ষে কোনো মানুষই ছিলেন না। এমনকি রাজনৈতিকভাবে বড় বিভাজন থাকলেও সুন্দরবন নিয়ে সবাই এক কাতারে ছিলেন। সেই ঐক্য প্রক্রিয়ার কথা স্মরণ করে সরকারের সুন্দরবন-বিধ্বংসী তৎপরতা থেকে সরে দাঁড়ানো উচিত।’