'সুন্দরবনে আগুন দেওয়ায় সরকারি দলের লোকেরা জড়িত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সরকার সুন্দরবনকে গুরুত্বহীনভাবে দেখে। তাদের নির্লিপ্ততার কারণে বারবার সুন্দরবনে আগুন লাগছে। আগুন দেওয়ার ঘটনায় সরকারি দলের লোকেরাই জড়িত। ওপরের ইন্ধন ছাড়া কোনোভাবেই এ কাজ সম্ভব নয়।’
আজ শুক্রবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বন্দর-বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির আঞ্চলিক প্রতিনিধি সভায় কমিটির সদস্যসচিব আনু মোহাম্মদ এই অভিযোগ করেন। তিনি বলেন, সুন্দরবনকে গুরুত্বহীনভাবে দেখার কারণেই দুর্বৃত্তরা বন ধ্বংস করতে উৎসাহী হচ্ছে।
সুন্দরবনে বিধ্বংসী প্রকল্প বাতিলের দাবি জানিয়ে আনু মোহাম্মদ বলেন, এখানে বিদ্যুৎকেন্দ্র হলে এ অঞ্চলের চার কোটি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। তিনি দাবি করেন, বনজীবীরা সুন্দরবন ধ্বংস করে না। করপোরেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নানা পরিকল্পনা আর প্রকল্প ভাবনা করে সুন্দরবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। বনসংলগ্ন সাধারণ মানুষকে সম্পৃক্ত করা গেলে তারাই বনকে রক্ষা করবে।
সভায় জানানো হয়, সরকারকে এ কমিটি আগামী ১৫ মের মধ্যে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে সরে আসতে সময় বেঁধে দিয়েছে। কিন্তু সরকার বিদ্যুৎকেন্দ্র নির্মাণ অব্যাহত রেখেছে। তাই আগামী ১৭ মে জাতীয় কমিটি নতুন কর্মসূচি ঘোষণা করবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কমিটির সদস্য সরদার রুহিন হোসেন প্রিন্স, ফিরোজ আহমেদ, কল্লোল মোস্তফা, কমিটির বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক রণজিৎ চট্টোপাধ্যায় প্রমুখ।