‘সুপারিশ জালিয়াতি’, তবু প্রত্যাহার হচ্ছে মামলাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে সন্ত্রাসী ঘটনায় সাজা পাওয়া বিএনপির এক নেতাসহ তিনজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে জেলা ম্যাজিস্ট্রেটকে। মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যমূলক দাবি করে আসামিরা তা প্রত্যাহারের জন্য গত বছর এ-সংক্রান্ত কমিটিতে আবেদন করেন। এতে আওয়ামী লীগের দুই সাংসদ এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের দুই নেতার সুপারিশ ছিল। এ নিয়ে ‘হবিগঞ্জে সন্ত্রাসী ঘটনার মামলাও রাজনৈতিক, প্রত্যাহারের সুপারিশ সাংসদ ও আওয়ামী লীগের দুই নেতার’ শীর্ষক একটি প্রতিবেদন গত বছরের ২১ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত হয়। সুপারিশকারীদের মধ্যে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন সে সময় বলেছিলেন, আবেদনটি জাল। জেলা আওয়ামী লীগের সভাপতি মুশফিক হোসেন চৌধুরী বলেছিলেন, আবেদনটি জালিয়াতি করা হয়েছে। তিনি তা প্রত্যাহার করবেন। সাংসদ আবদুল মজিদ খান ও সাংসদ আবু জাহির বলেছিলেন, তাঁদের স্বাক্ষর জাল করে আবেদন করা হয়েছে। কিন্তু ২৯ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা স্বাক্ষরিত এক পত্রে মামলাটি না চালানোর সিদ্ধান্ত গ্রহণের কথা জানানো হয় জেলা ম্যাজিস্ট্রেটকে। পাশাপাশি মামলাটি প্রত্যাহারের জন্য হবিগঞ্জের সরকারি কৌঁসুলিকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য বলা হয়। বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুশফিক হোসেন চৌধুরী গত রোববার এ বিষয়ে বলেন, বিষয়টি তাঁদের জানা নেই। সাংসদ আবদুল মজিদ খান বলেন, তিনি সুপারিশ করেননি। চেষ্টা করেও সাংসদ আবু জাহিরের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। হবিগঞ্জের পিপি আকবর হোসেন জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন এলেও তা বাতিলের সুযোগ এখনো আছে।পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ১৭ মার্চ বানিয়াচং উপজেলার কালাইনজুরা গ্রামের আতাউর রহমান, তায়বুর রহমান ও রাশেদুল ইসলাম একই গ্রামের আবদুল লতিফের (৬০) ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দেন। আতাউর রহমান বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য। এ ঘটনায় লতিফের ছেলে নূরুল ইসলাম মামলা করেন। হবিগঞ্জের একটি আদালত তিন আসামিকে দুই বছর করে সাজা দেন। বর্তমানে মামলাটি হবিগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আদালতে রায় পুনরায় যাচাই-বাছাই ও যুক্তিতর্কের অপেক্ষায় আছে।মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের বিষয়ে আবদুল লতিফ বলেন, ‘সাংসদসহ যাঁরা আসামিদের আবেদনে সুপারিশ করেন, তাঁদের সঙ্গে আমি দেখা করেছি। আমার পুঙ্গত্ব দেখে তাঁরা দুঃখ করে বলেছিলেন, এ সুপারিশ প্রত্যাহার করে নেবেন।’