‘সুপেয়’ পানিতেও দুর্গন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সরবরাহ করা পানি অপরিষ্কার ও দুর্গন্ধযুক্ত বলে রোগীর স্বজনেরা অভিযোগ করেছেন। নিয়মিত পানির ট্যাংকি পরিষ্কার না হওয়ায় প্রায় সময় পাইপ দিয়ে হলুদ কণার পাশাপাশি শ্যাওলা ও কেঁচো পওয়া যায় বলে রোগীর স্বজনেরা জানিয়েছেন। রোগীর স্বজনেরা জানিয়েছেন, পুরো হাসপাতালের ভেতরে মাত্র দুটি নলকূপ রয়েছে। এগুলোও আবার মাঝেমধ্যে খারাপ হয়ে পড়ে।সরেজমিনে দেখা গেছে, প্লাস্টিকের বোতলে ভরে রোগীর স্বজনেরা পানি সংগ্রহ করছেন। কেউ বা কিনে আনছেন বোতলজাত পানি। নলকূপ থেকে পানি সংগ্রহকারী মো. নুরুল হক বলেন, ‘আমার বড় ভাইকে চার দিন আগে হাসপাতালে ভর্তি করেছি। এ সময়ের মধ্যে অন্তত ৫০ বার আমাকে পানি সংগ্রহ করতে ওঠানামা করতে হয়েছে। কারণ হাসপাতালে যে পানি সরবরাহ করা হয়, তা অপরিষ্কার ও দুর্গন্ধযুক্ত। ওই পানি পান করা যায় না। মুখে নিলেই বমি চলে আসে।’সড়ক দুর্ঘটনায় পা ভেঙে এক রোগী সপ্তাহখানেক আগে হাসপাতালে ভর্তি হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘আমার দেখাশোনা করার জন্য স্ত্রী রয়েছেন। তবে তাঁর পক্ষে সিঁড়ি মাড়িয়ে নিচে নেমে পানি সংগ্রহ করা অসম্ভব। তাই বাধ্য হয়েই টেপকল থেকে সংগ্রহ করা পানি পান করতে হচ্ছে।’ আবদুল আউয়াল নামের রোগীর এক স্বজন বলেন, ‘পানির ট্যাংকি নিয়মিত পরিষ্কার হলে এমন সমস্যা হতো না। এ ছাড়া পানি সরবরাহের পাইপগুলোতে মরিচা পড়ায় প্রায় সময় ছোট ছোট লোহার কণা আসছে। পাইপগুলো পরিষ্কার না থাকায় বহু দিনের জমে থাকা হলুদ গুঁড়া এবং লাল পানি প্রায় সময় চলে আসে।’দেবাশীষ রায় নামের এক ব্যক্তি রোগীর স্বজন পরিচয় দিয়ে বলেন, ‘আমার বাবাকে দুই দিন আগে পেটের ব্যথা নিয়ে ভর্তি করিয়েছি। এখন হাসপাতালের দুর্গন্ধযুক্ত পানি পান করে আমি নিজেই পেটের পীড়ার আক্রান্ত হয়েছি। বিভাগীয় পর্যায়ের এত বড় একটি হাসপাতাল, অথচ রোগীদের এই গুরুত্বপূর্ণ সমস্যাটির দিকে কর্তৃপক্ষের কোনো নজর নেই কেন, বুঝতে পারছি না।’হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ইহতেশামুল হক চৌধুরী হাসপাতালে সরবরাহ করা পানি ‘সুপেয়’ বলে দাবি করেন এবং এ নিয়ে রোগীর স্বজনদের অভিযোগ ভিত্তিহীন বলে জানান। তিনি প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে তিনটি গভীর নলকূপের মাধ্যমে পানি সরবরাহ করা হয়। এমনকি প্রতি সপ্তাহে একবার পানির ট্যাংকিও পরিষ্কার করা হয়। তাই সরবরাহকৃত পানি মানসম্মত ও সুপেয়।’