'সুপ্রিম কোর্টের নিরাপত্তার বিষয়ে জিরো টলারেন্স'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের সর্বোচ্চ নিরাপত্তার বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ‘জিরো টলারেন্স’ দেখাবে বলে জানিয়েছেন সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
নিরাপত্তার স্বার্থে সমিতির সভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতার জন্য অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবরে চিঠি পাঠানো হয়েছে বলে খন্দকার মাহবুব জানান।
গত সোমবার সমিতির সভায় নেওয়া সিদ্ধান্ত তুলে ধরে সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব হোসেন বলেন, সভায় এজলাসে বোমা পাওয়ায় উদ্বেগ ও নিন্দা জানানো হয়। সভায় সুপ্রিম কোর্টের সর্বোচ্চ নিরাপত্তার বিষয়ে আইনজীবী সমিতি জিরো টলারেন্স দেখাবে। নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অনুসরণ করারও সিদ্ধান্ত হয়। সুপ্রিম কোর্ট অঙ্গন ও আইনজীবী সমিতি ভবন এলাকায় আরও সৃদৃঢ় নিরাপত্তা বিধানের জন্য অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, সমিতির সাবেক সভাপতি-সম্পাদক, সুপ্রিম কোর্টের আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের নিয়ে যৌথ বিশেষ জরুরি সভা করা হবে।
এজলাসে বোমা পাওয়ার ঘটনা প্রসঙ্গে খন্দকার মাহবুব বলেন, ‘অ্যাটর্নি জেনারেল বলেছেন, জঙ্গিরা অথবা যাঁরা অবরোধ করছেন, তাঁরা এ ধরনের ঘটনা ঘটাতে পারেন। আমি উল্টো বলতে চাই, গত পরশু রাতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের বাড়িতে এবং সুপ্রিম কোর্টের নির্বাচিত সভাপতির বাড়িতে যারা বোমা হামলা করেছেন, তাঁরাই এই ঘটনা করেছেন, তখন অ্যাটর্নি জেনারেল কী বলবেন? সে যাই হোক, সুপ্রিম কোর্টের কোনো রকম নিরাপত্তা বিঘ্ন হোক, এটি আমরা চাই না। চাই না বলেই সভা করে আমরা নিরাপত্তামূলক কতগুলো সিদ্ধান্ত নিয়েছি।’
সংবাদ সম্মেলনের শুরুতে সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সুপ্রিম কোর্ট জাতীয় ঐতিহ্যের প্রতীক। আমরা চাই না, সর্বোচ্চ আদালতের নিরাপত্তা বিঘ্নিত হোক। প্রাণের বিনিময়ে হলেও নিরাপত্তা রক্ষা করব। এখানে গত পরশু দুটি এজলাসে বোমাসদৃশ জিনিস পাওয়া গেছে। এটা কত কষ্টদায়ক।’