'সুপ্রিম কোর্টের প্রস্তাবিত খসড়া গেজেটে প্রকাশ করার প্রয়োজন নেই'
বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য পৃথক আচরণ বিধিমালা, শৃঙ্খলা বিধিমালা ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (সার্ভিস গঠন, সার্ভিস পদে নিয়োগ ও বরখাস্তকরণ, সাময়িক বরখাস্তকরণ ও অপসারণ) বিধিমালা, ২০০৭ সংশোধনকল্পে সুপ্রিম কোর্টের প্রস্তাবিত খসড়া গেজেটে প্রকাশ করার প্রয়োজনীয়তা নেই মর্মে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিয়েছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মোশতাক আহাম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে রোববার এ তথ্য জানানো হয়েছে। বিচার বিভাগীয় কর্মকর্তাদের শৃঙ্খলা বিধিমালা ও আচরণ বিধিমালা প্রণয়ন বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে ওই চিঠি রোববার সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, আইন মন্ত্রণালয় থেকে পাঠানো ওই চিঠি সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এসেছে। সোমবার সকালে সংশ্লিষ্ট শাখায় এটি জমা দেওয়া হবে।
জ্যেষ্ঠ সহকারী সচিব মোশতাক আহাম্মদ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য পৃথক আচরণ বিধিমালা, শৃঙ্খলা বিধিমালা এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (সার্ভিস গঠন, সার্ভিস পদে নিয়োগ ও বরখাস্তকরণ, সাময়িক বরখাস্তকরণ ও অপসারণ) বিধিমালা, ২০০৭ সংশোধনকল্পে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রস্তাবিত খসড়া বাংলাদেশ গেজেটে প্রকাশ করার প্রয়োজনীয়তা নেই মর্মে রাষ্ট্রপতি সানুগ্রহ সিদ্ধান্ত দিয়েছেন।