জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২৪তম সাক্ষী মো. সামছুল আলম। জবানবন্দিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে সুবহান দেখিয়ে দিলে পাকিস্তানি সেনারা তাঁর বাবা মহিউদ্দিন প্রামাণিককে গুলি করে হত্যা করে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সামছুল আলম (৫৭) জবানবন্দিতে বলেন, তাঁর বাড়ি পাবনার সুজানগর উপজেলার গুপিনপুর গ্রামে। মুক্তিযুদ্ধকালে তিনি অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। তাঁর বাবা মহিউদ্দিন প্রামাণিক সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন। একাত্তরের ১২ মে ভোরে তিনি গ্রামের পশ্চিম দিকে প্রচণ্ড গোলাগুলির শব্দ পান এবং আগুনের লেলিহান শিখা দেখেন। মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি করছিল আর বলছিল, ‘মিলিটারি এসেছে, যে যার মতো পালাও।’ তখন তাঁর দাদু পরিবারের সবাইকে আত্মরক্ষার জন্য গজনার বিলের দিকে যেতে বলেন। কিন্তু তিনি, তাঁর দাদু ও বাবা বাড়ি ছেড়ে যাননি। দুপুরে একটি সাদা জিপগাড়ি ও পাকিস্তানি সেনাদের একটি গাড়ি জেলা পরিষদ সড়কসংলগ্ন তাঁদের বাড়ির সামনে থামে। সাদা গাড়ি থেকে সাদা পাঞ্জাবি পরা দাড়িওয়ালা এক লোক নামেন, তাঁর সঙ্গে নামেন সুবহান। তাঁর বাবা বাড়ির আঙিনায় দাঁড়িয়ে ছিলেন। সুবহানকে দেখে তাঁর বাবা হাত উঁচু করে তাঁর দিকে এগিয়ে যান। তখন সুবহান হাত দিয়ে দেখিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানি সেনারা তাঁর বাবাকে গুলি করে।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, ঘটনাস্থল থেকে আনুমানিক ৫০ গজ দূরে দুই ঘরের মাঝখানে দাঁড়িয়ে তিনি বাবাকে হত্যার দৃশ্য দেখেন। তাঁর বাবা মাটিতে লুটিয়ে পড়ার পর তাঁকে লাথি মেরে সুবহান বলেন, ‘দেখ জয় বাংলা কেমন।’ তখন তাঁর দাদু প্রাণভয়ে বাড়ির পেছন দিক দিয়ে আখখেতের দিকে যেতে থাকলে পাকিস্তানি সেনারা তাঁকেও গুলি করে, তবে তা লাগেনি। পাকিস্তানি সেনারা চলে গেলে তাঁরা শোনেন, গ্রামের বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে। রাত ১০টার দিকে তাঁর বাবার মরদেহ দাফন করা হয়।
সামছুল আলম বলেন, সাতবাড়িয়ায় বিভিন্ন সময় সভা করার কারণে সুবহানকে তিনি আগে থেকেই চিনতেন। সুবহান পাবনা জেলা শান্তি কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। জবানবন্দির শেষ পর্যায়ে আসামির কাঠগড়ায় সুবহানকে শনাক্ত করেন সাক্ষী।
জবানবন্দি শেষে সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। আজ বুধবার এই মামলার পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।