'সুবহান পাকিস্তানি সেনাদের সঙ্গে ছিলেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২৫তম সাক্ষী আবদুল বাতেন। জবানবন্দিতে তিনি বলেছেন, মুক্তিযুদ্ধকালে তাঁদের গ্রামে হত্যাযজ্ঞে পাকিস্তানি সেনাদের সঙ্গে সুবহান ছিলেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবদুল বাতেন (৬০) জবানবন্দিতে বলেন, তাঁর বাড়ি পাবনার সুজানগর থানার ফকিতপুর গ্রামে। একাত্তরের ১২ মে ভোরে তিনি গ্রামের লোকজনকে প্রাণভয়ে ছোটাছুটি করতে দেখেন। এর মধ্যে পাকিস্তানি সেনারা তাঁদের বাড়িতে ঢুকে আগুন দেয় এবং তাঁর বাবা মাদারী মণ্ডল ও চাচা লস্কর মণ্ডলকে ধরে নিয়ে যায়। তিনি জঙ্গলে আত্মগোপন করেন। সেখানে লুকিয়ে ছিলেন চেতনা, রতনা, ঘুঘরি ও মদন। ওই চারজন নাড়োহাটির বিলের দিকে যাওয়ার পথে সিন্দুরপুরে যাওয়ার রাস্তা পার হওয়ার সময় পাকিস্তানি সেনাদের চারটি গাড়ি রাস্তায় থামে। একটি গাড়িতে থাকা মাওলানা সুবহান তাঁদের দেখিয়ে সেনাদের বলেন, ‘ওই যে মালাউন, জয় বাংলার লোক।’ তিনি এ কথা বলার সঙ্গে সঙ্গে পাকিস্তানি সেনারা গুলি করে তাঁদের হত্যা করে। তিনি (সাক্ষী) ওই দৃশ্য কড়ইগাছের আড়াল থেকে দেখেন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, কন্দরপুর গ্রামে ২০-২৫ জনকে হত্যার খবর পেয়ে বিকেলে তিনি সেখানে গিয়ে দেখেন কুড়িপাড়ার আফছার ও মোমবাজপুরের ওবাইদুল্লাহ গুলিবিদ্ধ অবস্থায় নদীর পাশে পড়ে আছেন, পাশে তাঁর বাবা ও চাচা অজ্ঞান হয়ে পড়ে আছেন। স্থানীয়দের সহযোগিতায় তিনি বাবা ও চাচাকে উদ্ধার করে নিয়ে যান। এ সময় সিন্দুরপুর গ্রামে নদীর পাড়ে অনেক লাশ পড়ে থাকতে দেখেন। কারা এ হত্যাযজ্ঞ চালিয়েছে, জানতে চাইলে নারান কাকা বলেন, সাদা একটি গাড়িতে করে আসা মাওলানা সাহেব এবং তাঁর সঙ্গে থাকা টিক্কা ও মোস্তফা এই হত্যাযজ্ঞ ঘটিয়েছেন।
জবানবন্দির শেষ পর্যায়ে আসামির কাঠগড়ায় থাকা সুবহানকে শনাক্ত করেন সাক্ষী। পরে তাঁকে জেরা করে আসামিপক্ষ।
এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।