
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী মমতাজ উদ্দিন৷ জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ১১ মে সুবহানের ইশারায় পাকিস্তানি সেনারা সমুজুদ্দিনকে গুলি করে হত্যা করে৷
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জবানবন্দিতে মমতাজ উদ্দিন (৬৬) বলেন, তাঁর বাড়ি পাবনার সদর থানার দোগাছি গ্রামে৷ একাত্তরের ১১ মে দোগাছির পার্শ্ববর্তী কুলোনিয়ার গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টার দিকে তিনি কয়েকজন যুবকের সঙ্গে কথা বলছিলেন৷ তখন দেখেন, সুবহান একটি সাদা টয়োটা গাড়িতে দোগাছির দিকে যাচ্ছেন৷ বেলা ১১টা-সাড়ে ১১টার দিকে পাকিস্তানি সেনাদের গাড়িবহর আসতে দেখেন৷ বিদ্যালয়ের সামনের রাস্তা ও মাঠে গাড়িগুলো থামে৷ তাঁরা (সাক্ষী ও অন্যরা) সমুজুদ্দিনের বাড়ির কাছে জঙ্গলে আশ্রয় নেন৷ তিনি দেখেন, সমুজুদ্দিন বাড়ি থেকে বেরিয়ে বাঁশঝাড়ের আড়ালে লুকানোর চেষ্টা করছেন৷ এ সময় সুবহানের ইশারায় পাকিস্তানি সেনারা সমুজুদ্দিনকে গুলি করে হত্যা করে৷ সমুজুদ্দিনের প্রতিবেশী আমিন উদ্দিনের স্ত্রী হাসিনা পালাতে গেলে তাঁকেও গুলি করে হত্যা করা হয়৷ এ সময় সমুজুদ্দিনের স্ত্রী রাহাতান গুলিবিদ্ধ হন৷ সেখান থেকে সুবহান ও পাকিস্তানি সেনারা খোদা বকসের বাড়ি যায়৷ সেখানে ওয়াজউদ্দিনসহ বেশ কয়েকজনকে সেনারা গুলি করে হত্যা করে৷
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, সুবহান ও পাকিস্তানি সেনারা চলে গেলে তাঁরা (সাক্ষী ও যুবকেরা) দোগাছির হরিপদ সাহার বাড়িতে এক বছর বয়সী একটি ছেলে ও একজন বৃদ্ধের লাশ দেখেন৷ বাজারের দিকে যেতে তাঁরা রাস্তায় হরিপদ সাহা ও বেনু সাহার লাশ দেখেন৷
জবানবন্দি শেষে আসামির কাঠগড়ায় থাকা সুবহানকে শনাক্ত করেন মমতাজ৷
আকরাম কারাগারে: মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া খান মো. আকরামকে (৬০) গতকাল সকালে ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হলে ট্রাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠান৷