'সুবহানের নির্দেশে চাচাকে হত্যা করা হয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষী আলী রানা শেখ। জবানবন্দিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে সুবহানের নির্দেশে তাঁর চাচা জব্বার শেখকে গুলি করে হত্যা করে পাকিস্তানি সেনারা।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আলী রানা (৫৬) জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, তাঁর বাড়ি পাবনা সদর উপজেলার ভাড়ারা গ্রামে। মুক্তিযুদ্ধকালে ৫ জ্যেষ্ঠ সকালে পাকিস্তানি সেনারা তাঁদের গ্রাম ঘেরাও করে। সুবহানের নেতৃত্বে পাকিস্তানি সেনারা তাঁর বাবা রুস্তম শেখ ও চাচা জব্বার শেখ, নুরুল শেখ, সিরাজ শেখ, আবদুল মজিদ শেখ, তালেব শেখকে ধরে ভাড়ারা শাহি মসজিদের সামনে নিয়ে যায়। এ ছাড়া গ্রামের দিলবার শেখ, গেদম সরদার, খোকন শেখ, কাদের শেখ, হাকিম সরদার, কেতা সরদারসহ অনেককে পাকিস্তানি সেনারা ধরে নিয়ে ওই মসজিদের সামনে জড়ো করে। তাঁর চাচা জব্বার শেখ মসজিদের সামনে সুবহানের সঙ্গে তর্কে জড়িয়ে পড়লে সুবহানের নির্দেশে তাঁকে গুলি করে হত্যা করা হয়। ভাড়ারা শাহি মসজিদের পাশে দাঁড়িয়ে তিনি এসব দেখেছেন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, তাঁর চাচাকে হত্যার পর আটক ১০-১২ জনকে নূরপুর বিদ্যুৎকেন্দ্রে পাকিস্তানি সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরদিন আটঘরিয়া থানার দেবোত্তর গ্রামে নেওয়া হয়। নির্যাতনের ফলে অসুস্থ হয়ে পড়া সিরাজকে ছেড়ে দেওয়া হয়, অন্যদের বাঁশবাগানের কাছে নিয়ে গুলি করা হয়। এতে ঘটনাস্থলে ছয়জনের মৃত্যু হয়।
জবানবন্দির শেষ পর্যায়ে আসামির কাঠগড়ায় থাকা সুবহানকে শনাক্ত করেন রাষ্ট্রপক্ষের সাক্ষী।
তদন্ত কর্মকর্তাকে জেরা চলছে: বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল জামায়াতের নেতা এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা এস এম ইদ্রিসকে জেরা অব্যাহত রাখেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার।