'সুবহানের নির্দেশে পাকিস্তানি সেনারা মজিদকে হত্যা করে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষী আক্কাছ শেখ৷ জবানবন্দিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে সুবহানের নির্দেশে পাকিস্তানি সেনারা মজিদকে গুলি করে হত্যা করে৷ তাঁর (সাক্ষী) ভাই উটকেন শেখও সেনাদের গুলিতে মারা যান৷
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আক্কাছ শেখ (৬৫) জবানবন্দি দেন৷ জবানবন্দিতে তিনি বলেন, তাঁর বাড়ি পাবনা সদর উপজেলার ভাড়ারা গ্রামে৷ মুক্তিযুদ্ধকালে ৫ জ্যৈষ্ঠ সকাল আটটার দিকে পাকিস্তানি সেনারা তাঁদের গ্রাম ঘেরাও করে৷ সুবহান একটি সাদা গাড়িতে পাকিস্তানি সেনাদের সঙ্গে আসেন৷ পাকিস্তানি সেনাদের সঙ্গে নিয়ে বিভিন্ন বাড়িতে ঢুকে লোকজনকে ধরে ভাড়ারা মসজিদের সামনে নিয়ে জড়ো করেন৷ এ সময় সুবহান তাঁর হাতে থাকা তালিকা থেকে নাম ডেকে জড়ো করা লোকজনের উপস্থিতি নিশ্চিত করেন৷ তাঁর (সাক্ষী) ভাই উটকেন শেখকে বাড়ি থেকে ধরে সুবহান মসজিদের সামনে নিয়ে যান৷ তিনিও ভাইয়ের পিছু পিছু যান৷ আওয়ামী লীগকে যাঁরা ভোট দিয়েছিলেন, তালিকা অনুসারে তাঁদের আলাদা সারিতে দাঁড় করানো হয়৷ দাঁড়ানো মজিদকে তিনবার নাম ধরে ডাকা হয়৷ মজিদ উপস্থিতি জানান দিলে সুবহান পাকিস্তানি সেনাদের গুলি করার নির্দেশ দেন৷ সেনারা গুলি করে মজিদকে হত্যা করে৷
রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, পরে পাকিস্তানি সেনারা ধরে আনা ১১ জনকে নুরপূর বিদ্যুৎকেন্দ্রে স্থাপিত পাকিস্তানি ক্যাম্পে নিয়ে যায়৷ পরদিন সকালে তাঁদের দেবোত্তর বাঁশবাগানে নিয়ে এলোপাতাড়ি গুলি করা হয়, ঘটনাস্থলে ছয়জন মারা যান, চারজন গুলিবিদ্ধ হন৷ সিরাজ শেখ নামের এক বৃদ্ধ ছাড়া পেয়ে বাড়িতে ফিরে আসেন৷ সিরাজের কাছে তিনি ওই বাঁশবাগানে গুলির ঘটনা শোনেন৷
আক্কাছ শেখ গুলিতে নিহত ওই ছয়জনের নাম বলেন, তাঁদের একজন তাঁর ভাই৷ জবানবন্দির শেষ পর্যায়ে আসামির কাঠগড়ায় থাকা সুবহানকে তিনি শনাক্ত করেন৷
জবানবন্দি শেষে সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম৷ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৯ জুন (রোববার) দিন ধার্য করা হয়েছে৷