'সুবহানের পা ধরলেও স্বামীকে হত্যা করা হয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী জাহানারা বেগম (৬৫)। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে সুবহানের দেখানো মতে পাকিস্তানি সেনারা তাঁর স্বামীকে গুলি করতে উদ্যত হলে সুবহানের পা জড়িয়ে ধরে স্বামীর প্রাণ ভিক্ষা চান তিনি। সুবহান তাঁকে লাথি মেরে ফেলে দেন। এ সময় এক সেনা তাঁর স্বামীকে গুলি করে হত্যা করে।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জাহানারা বেগমের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রেজিয়া সুলতানা। এ সময় আসামির কাঠগড়ায় সুবহান হাজির ছিলেন।
জবানবন্দিতে জাহানারা বলেন, মুক্তিযুদ্ধের সময় তাঁর বয়স ছিল ২২ বছর। তাঁদের বাড়ি পাবনার ঈশ্বরদীর সাহাপুর গ্রামে। তাঁর স্বামী ঠিকাদারি করতেন পাশাপাশি আওয়ামী লীগের নেতা ও স্বাধীনতা সংগ্রাম পরিষদের নেতা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি (সাক্ষী) মুক্তিযোদ্ধাদের খাবার রান্না ও অস্ত্র লুকিয়ে রাখতেন।

একাত্তরের ২ মে ফজরের নামাজের পর জাহানারা বেগম গোলাগুলির শব্দ পান। এ সময় সুবহান পাকিস্তানি সেনাদের নিয়ে তাঁদের সাহাপুর গ্রাম ঘিরে ফেলে গুলি করতে করতে এগোতে থাকেন ও বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগ করেন। এ সময় বাড়ির চারদিকে গুলির আওয়াজে তাঁরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়লে নিরাপদ আশ্রয়ের জন্য তিনি, তাঁর স্বামী, স্বামীর বন্ধু শামসুল হক, শ্বশুর, শাশুড়িসহ বাড়ির পেছনে বাঁশবাগানে লুকান। একপর্যায়ে সুবহান ও পাকিস্তানি সেনারা তাঁদের ঘিরে ফেলে।

রাষ্ট্রপক্ষের এ সাক্ষী বলেন, এ সময় সুবহানের দেখানো মতে সেনারা তাঁর স্বামীকে গুলি করতে উদ্যত হলে তিনি সুবহানের পা জড়িয়ে ধরে স্বামীর প্রাণ ভিক্ষা চান। সুবহান তাঁকে লাথি মেরে ফেলে দেন। এ সময় এক পাকিস্তানি সেনা তাঁর স্বামীকে গুলি করে হত্যা করে। পরে তাঁর স্বামীর বন্ধু শামসুল হককেও গুলি করে হত্যা করা হয়। পরে তিনি শোনেন, একই দিনে সুবহানের দেখানো মতে তাঁদের বাড়ির পাশে রহিম সর্দার, মাহমুদ সর্দার, গ্রামের পশ্চিম পাড়ার চাঁন্দ আলী প্রামাণিক, আক্তার প্রামাণিক, আনার প্রামাণিক, হামেজ উদ্দিন প্রামাণিকদেরও হত্যা করা হয়। এ ছাড়া ওই দিনই সুবহান ও সেনারা ঈশ্বরদী কলেজের অধ্যক্ষ তৈয়বুর রহমানের বাড়িসহ ১০-১৫টি বাড়িতে লুট করে ও আগুন ধরিয়ে দেয়। ওই দিন জোহরের নামাজ পর্যন্ত সুবহান ও সেনারা এভাবে ধ্বংসাত্মক কাজ চালাতে থাকেন। পরে সুবহান ও পাকিস্তানি সেনারা চলে গেলে তাঁর বাবার বাড়ি মানিকনগরে নিয়ে স্বামীর লাশ মাটিচাপা দেওয়া হয়। শামসুল হকের লাশও বাবার বাড়িতে এনে বাগানে মাটিচাপা দেওয়া হয়।

কান্নাজড়িত কণ্ঠে স্বামী হত্যার বর্ণনা দেওয়ার সময় জাহানারা বেগম আরও জানান, ১৯৭০ সাল থেকেই তিনি সুবহানকে চিনতেন। ওই সময় সুবহান তাঁদের এলাকায় দাঁড়িপাল্লা মার্কার জন্য ভোট চাইতে এসেছিলেন। জবানবন্দির শেষ পর্যায়ে সাক্ষী আসামির কাঠগড়ায় থাকা সুবহানকে শনাক্ত করেন। জবানবন্দি শেষে এ মামলার কার্যক্রম আগামী রোববার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।