‘সুবিধা দিলে নতুন প্রজন্মই ডিজিটাল বাংলাদেশ গড়বে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণদের প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী কার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সহায়তা করবে। এভাবে এগিয়ে যেতে পারলে ২০২১ সালের আগেই ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে পৌঁছানো যাবে। গত সোমবার রাতে জাতীয় জাদুঘর মিলনায়তনে প্রথমবারের মতো আয়োজিত ‘জাতীয় ই-কনটেন্ট ও উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি পুরস্কার ২০১০’-এর বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সহযোগিতায় কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোনের উপযোগী বিভিন্ন বিষয়ের নানা রকমের তথ্যের সমাহার, প্রযুক্তিগত সমাধান অর্থাৎ স্থানীয় ই-কনটেন্ট নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট রিসার্স নেটওয়ার্ক (ডিনেট)। সব মিলিয়ে ১৩টি শ্রেণীতে সেরাদের পুরস্কৃত করা হয়। এ প্রতিযোগিতায় বিজয়ীরা ই-কনটেন্টের আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড ২০১০’ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি বিজ্ঞান ও আইসিটি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, নতুন প্রজন্মকে সুবিধা দিলে তারাই ডিজিটাল বাংলাদেশ গড়বে। প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সভাপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, প্রতিযোগিতায় যাঁরা প্রকল্প জমা দিয়েছেন এবং বিজয়ী হয়েছেন, তাঁরা দেশের জন্য কাজ করেছেন। প্রতিযোগিতার প্রতিটি বিভাগের পুরস্কার দেশের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতিমান ব্যক্তিদের নামে উৎসর্গ করা হয়। তাঁরা হলেন অধ্যাপক রেহমান সোবহান, অধ্যাপক এম আর খান, প্রয়াত আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন, মুস্তাফা মনোয়ার, কণ্ঠশিল্পী আবদুল আলিম, কবি শামসুর রাহমান, কুদরাত-এ-খুদা, অধ্যাপক দ্বিজেন শর্মা, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসি), আঞ্জেলা গোমেজ, বাংলাদেশ সেনাবাহিনী, মোবাইল ফোনের তথ্যকর্মী ইবিকা বিশ্বাস, কমপিউটারজগৎ-এর প্রতিষ্ঠাতা প্রয়াত অধ্যাপক আবদুল কাদের ও গ্রামীণফোনের ধারণাদাতা ও প্রতিষ্ঠাতা ইকবাল জেড কাদীর। অধ্যাপক রেহমান সোবহান তাঁর বক্তব্যে বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলতে এ ধরনের কার্যক্রম প্রয়োজন। এতে মানুষ দ্রুত দরকারি তথ্য, সেবা পাবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, ডিনেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান, ইন্টেল ইএম লিমিটেডের কান্ট্রি ম্যানেজার জিয়া মনজুর, বিডিজবস ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর প্রমুখ।চলতি বছরের জানুয়ারি মাসে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ৯৩টি প্রকল্প অংশ নেয়। এর মধ্যে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ৪৮টির মধ্যে বিজয়ী হয় ৩২টি প্রকল্প। ১৩টি বিভাগে শীর্ষস্থান অর্জনকারী প্রকল্পগুলো হলো ই-গভর্নমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশন—চট্টগ্রাম কাস্টমস ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, ই-এন্টারপ্রাইজ অ্যান্ড লাইভলিহুড—ডিজিটাল কেইন প্রকিউরমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সিস্টেম, ই-এডুকেশন—ইন্টার-অ্যাকটিভ মাল্টিলিঙ্গুয়াল মাল্টিমিডিয়া এডুকেশন সফটওয়্যার ফর ক্লাস ওয়ান অ্যান্ড টু, ই-লোকালাইজেশন—কম্পিউটার ইন বাংলা ফর অল, ই-হেলথ—এজি ব্রেস্ট কেয়ার, ই-কালচার অ্যান্ড হেরিটেজ—বাংলাদেশ জেনোসাইড আর্কাইভ, ই-নিউজ—এ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে কম্পজগত ডট কম, এম কনটেন্ট—শাবিপ্রবি পেপারলেস ভর্তি পদ্ধতি, ই-ইনক্লুশন অ্যান্ড পার্টিসিপেশন—ডেইজি ফর অল, ই-এন্টারটেইনমেন্ট—অনলাইন রেডিও লেমন২৪ ডট কম, ই-সায়েন্স অ্যান্ড টেকনোলজি—বিজ্ঞানী ডট অরগ, ই-স্পোর্টস—বিডি প্লে ডট কম।প্রতিযোগিতার কর্মসূচি সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো ও ডেইলি স্টার। অন্যান্য সহযোগী হলো চ্যানেল আই, রেডিও এবিসি, ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন, ইন্ডিয়া, ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড, অস্ট্রিয়া, কমপিউটার জগৎ এবং ইন্টারনেট বেতার সহযোগী লেমন ২৪.কম। পৃষ্ঠপোষক মানুষের জন্য ফাউন্ডেশন, মাইক্রোসফট, ইনটেল এবং বিডিজবস ডট কম।