‘সুবেদার মেজর তাহেরের নেতৃত্বে ৭১ জওয়ান বিদ্রোহে অংশ নেন’
‘২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টায় সুবেদার মেজর আবু তাহেরের নেতৃত্বে ব্যাটালিয়নের ৭১ জন বিপথগামী বিডিআর সদস্য কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে সরাসরি বিদ্রোহে অংশ নেন। তাঁরা ব্যাটালিয়নের অস্ত্রাগার লুট করে ব্যাপক ফাঁকা গুলিবর্ষণ করে জনমনে আতঙ্কের সৃষ্টি করেন। বিপথগামী এই সদস্যরা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হোসেন ও কোয়ার্টার মাস্টার হাবিলদার আহসান হাবিবকে ধাওয়া করেন এবং তাঁরা গাড়িতে করে পালানোর সময় ইটপাটকেল ছুড়ে মারা হয়। তাঁরা প্রধান সড়কে অবরোধ সৃষ্টি করে যানবাহন ও লোক চলাচল বন্ধ করে দেন। দুই কর্মকর্তা পালিয়ে যাওয়ার পর বিদ্রোহীরা ব্যাটালিয়নের অভ্যন্তরে ভারপ্রাপ্ত অধিনায়কের বাসা ও গুদামের তালা ভেঙে মালামাল লুট করেন। এঁদের কঠোর শাস্তি হওয়া উচিত।’গতকাল বুধবার সকালে কক্সবাজারের বিশেষ আদালত-১৬ তে এই বক্তব্য উপস্থাপন করেন কক্সবাজার ১৭ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহ মামলার বাদী ও প্রধান সাক্ষী সুবেদার শহিদুল ইসলাম। শহীদুলসহ চারজন সাক্ষী গতকাল সাক্ষ্য দেন।বিশেষ আদালতের সভাপতি ও রাঙামাটি বিডিআর সেক্টরের অধিনায়ক কর্নেল মো. বশিরুল ইসলাম আসামিদের কাছে জানতে চান, সাক্ষীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁদের কোনো বক্তব্য আছে কি না? সাক্ষীদের জেরা করার অনুমতি দেন আদালত। এ সময় কয়েকজন আসামি চারজন সাক্ষীকে বিভিন্ন প্রশ্ন করেন এবং আদালতে দেওয়া চার সাক্ষীর বক্তব্য মিথ্যা অভিহিত করে নিজেদের নির্দোষ দাবি করেন।পরে আদালতের কার্যক্রম ৮ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত পর্যন্ত মুলতবি করা হয়।১৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক ও মামলার কৌঁসুলি লে. কর্নেল মো. খালেকুজ্জামান জানান, গত মঙ্গলবার ৭১ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর গতকাল চারজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।