'সুযোগ পাইলে নিজের পায়ে দাঁড়াতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই হাত ও দুই পায়ে ত্রুটি নিয়ে জন্মান মেয়েটি। কিন্তু এর দুই বছরের মাথায় মাকে হারান তিনি। বাবা দ্বিতীয় বিয়ে করার পর তাঁর আশ্রয় হয় নানাবাড়ি। কিন্তু নানা-নানিও তাঁকে ছেড়ে চলে যান না–ফেরার দেশে। এরপর অসহায় মেয়েটির ঠাঁই হয় মামার বাড়ি।
শারীরিক প্রতিবন্ধী মেয়েটির নাম জ্যোৎস্না আক্তার (৩৪)। মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি ইউনিয়নের চামটা গ্রামের জ্যোৎস্নার দুই হাতের কবজি নেই। দুই পা থাকলেও হাঁটুর নিচের অংশ নেই।
গতকাল মঙ্গলবার কথা হয় জোৎস্নার সঙ্গে। তিনি জানালেন, দুই বোনোর মধ্যে তিনি বড়। উপজেলার গিলন্ড গ্রামে মামার বাড়িতে থাকার সময় গিলন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়েছেন। নানা প্রতিবন্ধকতায় পড়ালেখায় আর এগোতো পারেননি। পরে মাদ্রাসা থেকে কোরাআন শেখেন তিনি।
জ্যোৎস্না বলেন, ‘আমি পড়তে পারি, লিখতেও পারি। কারও বোঝা অইয়্যা থাকতে ভালো লাগে না। কাজের সুযোগ পাইলে নিজের পায়ে (স্বাবলম্বী) দাঁড়াতে চাই।’
নবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিলি বেগম জানান, প্রতিবন্ধী হলেও সংসারের কিছু কিছু কাজ করতে পারেন জ্যোৎস্না। গ্রামের গৃহবধূদের কোরআন পড়িয়ে কিছু আয়ও করেন তিনি।
জ্যোৎস্নার মামা আলম ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন। মামি নাসিমা আক্তার বলেন, টানাপোড়েনের সংসার তাঁদের। সন্তানাদি নিয়ে কোনো রকমে সংসার চলে।
স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কাজ করছে মানিকগঞ্জ ডিজাবলড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট নামের একটি বেসরকারি সংস্থা। এর পরিচালনক এন্তাজ আলী বলেন, সুযোগ পেলে হয়তো জ্যোৎস্না নিজের ও সমাজের জন্য কিছু করতে পারে।