'সুরঞ্জিত সেনগুপ্ত মানুষের কল্যাণে রাজনীতি করেছেন'
সুরঞ্জিত সেনগুপ্ত হাওরপারের অজপাড়াগাঁ থেকে মানুষকে ভালোবেসে, মানুষের কল্যাণে কাজ করতে করতে জাতীয় নেতা হয়েছিলেন। তাঁর রাজনীতি ও আদর্শের মূলে ছিল সাধারণ মানুষ। তিনি যেমন মানুষকে ভালোবাসতেন, তেমনি মানুষও তাঁকে মনপ্রাণ দিয়ে ভালোবাসত।
আজ বুধবার বিকেলে সদ্যপ্রয়াত সাংসদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে দিরাই উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় বক্তারা এসব কথা বলেন। দিরাই পৌর শহরের থানা রোডে সুরঞ্জিত সেনগুপ্তের জন্মভিটার পাশের বিএডিসি মাঠে এই শোকসভা হয়। এর আগে দুপুরে দিরাই শহরে কালো পতাকা হাতে শোকর্যালি অনুষ্ঠিত হয়। সকাল থেকেই দিরাই শহরে সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তের জন্য অপেক্ষা করতে থাকে দিরাই ও শাল্লা উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে আসা হাজারো মানুষ। বেলা দুইটায় তিনি শহরে এসে পৌঁছালে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিকেল চারটায় দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসাব উদ্দিন সরদারের সভাপতিত্বে শোকসভা শুরু হয়। সভায় জয়া সেনগুপ্ত বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত তাঁর পরিবারের লোকদের যেভাবে ভালোবাসতেন, দিরাই-শাল্লার মানুষকেও সেভাবে ভালোবাসতেন। শৈশবে তিনি মা-বাবাকে হারিয়ে একা হয়ে গিয়েছিলেন। তখন তাঁর পাশে আপনারাই ছিলেন। আপনারাই তাঁকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন।
অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্ত বলেন, ‘মানুষের জন্যই বাবার রাজনীতি ছিল। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি, অন্যায়কে প্রশ্রয় দেননি। দিরাই-শাল্লার মানুষ সব সময় আমাদের পাশে ছিল। বাবা বেঁচে থাকতে যেভাবে মানুষের জন্য আমাদের দরজা সব সময় খোলা থাকত, এখনো সেভাবেই থাকবে।’
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংসদ সামছুল হক টুকু, সাংসদ মুহিবুর রহমান মানিক, আবদুল মজিদ খান, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার প্রমুখ বক্তব্য দেন।