‘সুরমায় নির্মাণাধীন দুটি সেতু এডিপিতে পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরমা নদীর ওপর নির্মাণাধীন দুটি সেতু আগামী ১৫ অক্টোবরের মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে। তা না হলে সুনামগঞ্জ, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, মহাসমাবেশসহ ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটায় নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সিলেটের বসবাসরত সুনামগঞ্জবাসীর সংগঠন সুনামগঞ্জ সমিতির উদ্যোগে এ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিলেটের মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম, রাজউদ্দিন, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি নাসিম হোসাইন প্রমুখ। মানববন্ধনে সিলেটে বসবাসরত সুনামগঞ্জের ছাত্র, শিক্ষক, আইনজীবী, সাহিত্য-সংস্কৃতিকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকায় সুরমা নদীর ওপর সেতু নির্মাণ ২০০৫-০৬ অর্থবছরে শুরু হয়। ইতিমধ্যে ২৩ কোটি টাকার কাজ শেষ হয়েছে। এ সেতুটির নির্মাণকাজ শেষ হলে জেলা শহরের সঙ্গে চারটি উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে।