'সুষ্ঠু নির্বাচন হলে ভোটকেন্দ্রে যাব'
গত ৬ মে ফরিদপুরের নগরকান্দা পৌর মেয়র উপনির্বাচনে ভোট কারচুপি, ভোট দিতে না পারা ও বহিরাগতদের দিয়ে ভোট দেওয়ানোর স্মৃতি তাড়া করে ফিরছে নগরকান্দার বাসিন্দা ও প্রার্থীদের।
তবে এবার কয়েকজন ভোটার এবং প্রার্থী আশা ব্যক্ত করছেন, সবগুলো পদে নির্বাচন হওয়ায় তা স্বচ্ছ হতে পারে।
গত রোববার সরেজমিনে পৌর এলাকার বিভিন্ন মহল্লার ভোটার এবং কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বললে তাঁরা এ আশার কথা জানান।
নগরকান্দা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বদিউজ্জামান মুন্সী বলেন, ‘ওই রকম (৬ মে) নির্বাচন এবার যেন না হয়। সুষ্ঠু নির্বাচন হলে ভোটকেন্দ্রে যাব, না হলে যাব না।’
একই ওয়ার্ডের বাসিন্দা ইসাহাক মাতব্বর বলেন, ‘গতবার ভোট দিতে যাইয়া দেহি ভোট হইয়া গেছে। সেবার এলহা এলহা ভোট করছে। এবার সে সুযোগ পাবে না। এবার সগগোলেই মাঠে আছে।’
৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী সুনীল দত্ত বলেন, গতবার শুধু মেয়র পদে নির্বাচন হয়েছে। এবার সব পদে হচ্ছে। এবার সবাই ভোট দিতে যাবে, গতবারের মতো হবে না।
সরকারের প্রতি সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে ৬ নম্বর ওয়ার্ডের আফজল মাতব্বর বলেন, ‘আমরা চাই সুষ্ঠু ভোট হোক। গতবারের মতো যেন না হয়। জনগণ যারে খুশি তারে ভোট দিক।’
নাম প্রকাশ না করার শর্তে ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক নারী বলেন, ‘গতবার ভোটার না হয়েও আমি ভোট দিয়েছি। এবার সত্যি সত্যি ভোট দেব, এ কথা ভেবে খুব আনন্দ লাগছে।’
ওই নির্বাচনে ভোট কারচুপি, অবৈধভাবে ভোট দেওয়াসহ কয়েকটি বিষয় উল্লেখ করে সকাল সাড়ে নয়টায় বিএনপি-সমর্থিত প্রার্থী নির্বাচন বর্জন করেন। ওই উপনির্বাচনে বিজয়ী রায়হান উদ্দিন মিয়া এবার আওয়ামী লীগের মেয়র প্রার্থী।
রায়হান উদ্দিন মিয়া দাবি করেন, উপনির্বাচনে কারচুপি হয়নি। সুষ্ঠু নির্বাচন হয়েছে। তাঁর বিশ্বাস, এবারও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মেয়র প্রার্থী সাইফুর রহমান। তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আমি ৮০ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হব।’
নগরকান্দা পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘অতীতে কী হয়েছে তা বলতে পারব না। এবারের প্রেক্ষাপট ভিন্ন। আসন্ন পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা যা প্রয়োজন আমরা তা করব।’