'সূক্ষ্ম কারচুপি', কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ
নাটোরের সাত উপজেলা পরিষদের মধ্যে গতকাল বৃহস্পতিবার নির্বাচন হয়েছে চারটিতে। এর মধ্যে সদর উপজেলায় সূক্ষ্ম কারচুপির অভিযোগ উঠেছে। লালপুর উপজেলায় দুটি কেন্দ্রের সামনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ভোটারদের কয়েকটি কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।
গুরুদাসপুর ও বাগাতিপাড়া উপজেলায় নির্বাচনে অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বেলা ১১টা ১০ মিনিটে সদর উপজেলার নাটোর পৌর এলাকার হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (মহিলা) গিয়ে দেখা গেল ভোটারদের হালকা আনাগোনা। তখন পর্যন্ত কত ভোট পড়েছে, জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা মোসাদ্দেক আলম জানান, এ কেন্দ্রের ছয়টি কক্ষে একটি করে বই (১০০টি ব্যালট) শেষ হয়েছে। দ্বিতীয় বই থেকে ব্যালট কাটা হচ্ছে। তাতে অনুমান ৮০০ ভোট পড়েছে। কিন্তু তাঁর কার্যালয়ের ডান পাশের কক্ষসহ তিনটি কক্ষে গিয়ে প্রথম বই থেকেই ব্যালট কাটতে দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিক প্রিসাইডিং কর্মকর্তাকে জানালে তিনি নীরব থাকেন। এ সময় ব্যালটের মুড়ি বই দেখতে চাইলে তিনি তিনটি বই দেখান।
ঘটনাটি তাৎক্ষণিক মুঠোফোনে রিটার্নিং কর্মকর্তা সাঈদ কুতুবকে জানানো হলে তিনি জানান, ঘটনা তদন্তে তিনি বিশেষ পর্যবেক্ষক দল পাঠাচ্ছেন। আধা ঘণ্টা পর আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার। তাঁকে ঘটনাটি জানানো হলে তিনি রিটার্নিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। এর এক ঘণ্টা পর রিটার্নিং কর্মকর্তা ওই কেন্দ্রে আসেন এবং মুঠোফোনে এই প্রতিনিধিদের বলেন, ‘আমি ১৭টি ব্যালট বইয়ের মুড়ি পেয়েছি। তাতে ওই সময় পর্যন্ত ভোট পড়েছে ৮২১টি।’ তিনি বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তা আপনাদের ধারণাভিত্তিক তথ্য জানিয়েছিলেন।’
জামায়াত-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ইউনুস আলীর প্রতিনিধি দেলোয়ার হোসেন খান অভিযোগ করেন, ‘ব্যালট বই অন্যত্র সরিয়ে নিয়ে কারচুপি করা হয়েছে বলে আমাদের ধারণা।’ বিএনপি-সমর্থিত প্রার্থী রহিম নেওয়াজের প্রতিনিধি আসাদুজ্জামান বলেন, শুধু এ কেন্দ্রেই নয়, পুরো নির্বাচনী এলাকাতেই সরকারি দলের সমর্থিত প্রার্থীর পক্ষে সূক্ষ্ম কারচুপি হয়েছে।
বেলা দুইটার দিকে নাটোর পৌরসভার তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট কারচুপির জন্য ভুয়া পোলিং কর্মকর্তা সাজা কাজী মোহাম্মদ আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশ। তিনি চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য সহকারী পদে কর্মরত। পরে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বিএনপির বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট শহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে কারচুপি করতেই আবু বকর ভুয়া পোলিং এজেন্ট সেজে কেন্দ্রে অবস্থান নিয়েছিলেন। অবশ্য আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শরিফুল ইসলাম বলেন, অভিযোগটি সত্য নয়।
লালপুরের রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আওয়ামী লীগের কর্মী আমিনুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালত পাঁচ হাজার টাকা জরিমানা করেন। শোভ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের আসতে বাধা দেওয়ায় ইস্রাফিলকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই অভিযোগে আটক অপর দুই যুবক আবদুর রাজ্জাক ও আরজুকে থানাহাজতে নেওয়া হয়। এ ছাড়া চংধুপইল ইউপি কেন্দ্র, লালপুর ইউপি কেন্দ্রসহ আরও কয়েকটি কেন্দ্রে ভোটারদের আসতে বাধা দেওয়ার অভিযোগ এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লালপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে বেলা ১১টায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষে ছয়জন এবং দুপুর পৌনে ১২টায় বালিতিতা ইসলামপুর কেন্দ্রে এই দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হন। এসব ঘটনায় চারজনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা দেন।
লালপুরের কদিমচিলান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্ট মাসুদ রানাকে সেনাসদস্যদের আটকের অভিযোগ এনে ভোটাররা বেলা দেড়টা থেকে এক ঘণ্টা ভোট দেওয়া থেকে বিরত থাকেন। কেন্দ্রে হামলারও চেষ্টা হয়। সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয় এবং সেনা কর্মকর্তা জাকের হোসেন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলে পরিস্থিতি শান্ত হয়।