‘সূক্ষ্মবুদ্ধির পরিবেশ-ঘাতকদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সন্তোষ
সিলেটে পরিবেশ অধিদপ্তর এনফোর্সমেন্ট অভিযানের মাধ্যমে ‘সূক্ষ্মবুুদ্ধির পরিবেশ-ঘাতকদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় বিভিন্ন পরিবেশবাদী, নাগরিক ও পেশাজীবী সংগঠন অভিনন্দন জানিয়েছে। গতকাল বুধবার সংগঠনগুলোর নেতারা এ নিয়ে এক যৌথ বিবৃতি দেন। বিবৃতিতে নেতারা মলাইটিলা রক্ষার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের ত্বরিত ও কার্যকর উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। তাঁরা বলেন, ‘পরিবেশ বিনষ্টের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে আমরা আশা করি।’যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সভাপতি ছদরুদ্দিন আহমদ চৌধুরী, টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক বেদানন্দ ভট্টাচার্য, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম, টিআইবি-সমর্থিত সনাকের সিলেটের আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট ইতিহাস প্রণয়ন পরিষদের সাধারণ সম্পাদক শুভেন্দু ইমাম, অঙ্গীকার বাংলাদেশের মইনুদ্দিন আহমদ জালাল, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেটের সমন্বয়কারী শাহ শাহেদা আক্তার।এদিকে বাপা কেন্দ্রীয় কমিটি এক আলাদা বিবৃতিতে মলাইটিলার চূড়ায় খোঁড়া গর্ত ভরাট করে গাছ লাগানোর নির্দেশকে দৃষ্টান্তমূলক অভিহিত করেছে।উল্লেখ্য, খাদিমনগর ইউনিয়নের মলাইটিলা নামের চূড়াটির শীর্ষে বিশাল গর্ত করে সেখান থেকে নিচ পর্যন্ত নালা কাটা হয়েছিল। বৃষ্টি হলে সেখান থেকে পানির সঙ্গে মাটিও নেমে আসত। গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘টিলার চূড়ায় ‘‘পুকুর’” শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এর সূত্রে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন বিষয়টির সরেজমিন তদন্ত করে। মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের উচ্চপর্যায়ের অভিযানে টিলার সংশ্লিষ্ট অংশের মালিক আবাসন ব্যবসায়ীদের তাৎক্ষণিকভাবে গর্ত ভরাটের নির্দেশ ও অর্থদণ্ড দেওয়া হয়। ওই অভিযানকালে অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী টিলার চূড়াজুড়ে বিশাল গর্ত খননের ঘটনাকে ‘সূক্ষ্মবুদ্ধির পরিবেশ-ঘাতকদের’ কাজ বলে অভিহিত করেছিলেন।