‘সূর্য ডুবলে আমগো সূর্যও ডুবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমগো গেরামে বিদ্যুৎ নাই। বরম্যপুত্র নদে সূর্য ডুবলে আমগো সূর্যও ডুবে। এলাকা থ্যাহে অন্ধকারে’—কথাগুলো গৃহবধূ শান্তি বেগমের (৪০)। শেরপুর সদর উপজেলার ব্যাপারিপাড়া গ্রামে তাঁর বাড়ি। ব্যাপারিপাড়া গ্রামে আজও বিদ্যুৎ পৌঁছায়নি। তাই সন্ধ্যা আসতেই এখানে নেমে আসে ঘোরতর অন্ধকার। আর সেই অভিজ্ঞতা বর্ণনা করতেই গৃহবধূ শান্তি বেগম আরও বললেন, ‘আমরা তহন কোনো কাজকাম করবার পারি না। পোলাপানের লেহাপড়া বন্ধ হইয়া যায়। এমন অবস্থা থাইক্যা আমরা মুক্তি চাই।’শুধু শান্তি বেগম নন, ব্যাপারিপাড়া গ্রামের প্রায় চার হাজার মানুষের একই দাবি, বিদ্যুৎ চাই।গত ২১ অক্টোবর সরেজমিনে দেখা যায়, শেরপুর সদর উপজেলার চর পক্ষীমারী ইউনিয়নের ব্যাপারিপাড়া গ্রামটি একটা অনুন্নত বিচ্ছিন্ন দ্বীপ। ব্রহ্মপুত্র নদের চরে অবস্থিত এ গ্রামে সূর্য ডুবলেই নেমে আসে অন্ধকার। তথ্যপ্রযুক্তির এ যুগেও উন্নয়নের এতটুকু স্পর্শ লাগেনি গ্রামটিতে।গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় এক হাজার পরিবারের চার হাজার মানুষের বসবাস ব্যাপারিপাড়ায়। এই গ্রাম থেকে পূর্ব-উত্তরে শেরপুর জেলা সদরের দূরত্ব ২০ কিলোমিটার। কোনো প্রয়োজন না পড়লে রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা বা এনজিও কর্মীরা এ গ্রামে আসেন না।গ্রামবাসী বলেন, জামালপুর শহর থেকে মাত্র আধা কিলোমিটার বিদ্যুতের লাইন সম্প্রসারণ করলেই গ্রামবাসী বিদ্যুতের সুবিধা পেত। বিদ্যুৎ না থাকায় অন্ধকারের সুযোগে গ্রামে ছিনতাই ও মাদকদ্রব্য বেচাকেনার মতো নানা অপরাধ সংঘটিত হচ্ছে। তাঁরা বলেন, জামালপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গত অর্থবছর গ্রামটি বিদ্যুতায়ন করতে একটি প্রকল্প গ্রহণ করলেও এখনো কাজ শুরু হয়নি।এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) জামালপুরের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রামটিকে বিদ্যুতায়ন করতে গত অর্থবছরে বিউবোর পক্ষ থেকে একটি প্রকল্প নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক প্রস্তুতি সম্পন্নও করা হয়েছে। আশা করা হচ্ছে, প্রয়োজনীয় মালামাল ও অর্থপ্রাপ্তি সাপেক্ষে চলতি অর্থবছরের মধ্যে গ্রামটিতে বিদ্যুতের লাইন স্থাপনের কাজ শুরু করা যাবে।ব্রহ্মপুত্র নদের পূর্ব ও পশ্চিমে উত্তর-দক্ষিণ বরাবর দুটি শাখা ব্যাপারিপাড়া গ্রামটি ঘিরে রেখেছে। প্রায় দুই কিলোমিটার লম্বা ও অর্ধকিলোমিটার প্রশস্ত এ গ্রামের বাসিন্দারা প্রতিবছরই নদীভাঙনের শিকার হয়।গ্রামের বাসিন্দা রমজান আলী (৩৫) জনপ্রতিনিধিদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সবাই ভোটের আগে আহে। বিদ্যুৎ, বিরিজ, কইর‌্যা দিবো কয়। ভোট নেয়, পারও হয়। পরে আর আমগর কথা মনে থাহে না। পাশ করার পর আর কেউ এলাকায় আহে না।’জানতে চাইলে সদর উপজেলার চর পক্ষীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আকবর আলী বলেন, ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম ও শেরপুর-১ (সদর) আসনের সাংসদ মো. আতিউর রহমানের সহযোগিতায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মাধ্যমে ব্যাপারিপাড়া গ্রামে বিদ্যুতের লাইন স্থাপনের জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।