'সূর্য ভিলা' ঘিরে ঔৎসুক্য, ফিরছেন বাসিন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশকোনার সূর্য ভিলার বাড়িটিতে বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দারা উঠতে শুরু করেছেন। গতকাল বুধবার বাড়ির মালিক ও তৃতীয় তলার আরেকটি পরিবার উঠেছে। একটি পরিবার ঘটনার পর বাসা ছেড়ে দিয়েছে। তবে বাসাটির কোনো বাসিন্দাই নিচতলার যে ফ্ল্যাটে জঙ্গিরা ছিল, তাদের কাউকে কখনো দেখেননি।
গত শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত আশকোনার পূর্বপাড়ার সূর্য ভিলায় অভিযান চালায় পুলিশ। এ সময় চারজন পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। একজন নারী জঙ্গি আত্মঘাতী হন। আর এক কিশোর জঙ্গি গুলিতে নিহত হয়।
গতকাল বিকেলে আশকোনার সূর্য ভিলায় গিয়ে দেখা যায়, বাসাটির নিচতলার পার্কিংয়ে দক্ষিণখান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলতাব হোসেন বসে আছেন। তাঁকে ঘিরে আছেন এলাকার জনা দশেক উৎসুক বাসিন্দা। তাঁরা তাঁর সঙ্গে বাড়ি ও ঘটনা নিয়ে গল্পগুজব করছেন। এই প্রতিবেদক সেখানে পৌঁছালে আলতাব হোসেন পরিচয় জানতে চান। এরপর আশপাশে জড়ো হয়ে থাকা বাসিন্দাদের তৎক্ষণাৎ সেখান থেকে চলে যেতে বলেন।
নিচতলার ফ্ল্যাটের বাসিন্দাদের দেখেননি অন্য বাসিন্দারা: বাড়ির সামনে তৃতীয় তলার বাসিন্দা আবু সালমান ও তাঁর স্ত্রীর সঙ্গে দেখা হয়। তাঁদের বাড়ি কিশোরগঞ্জ এলাকায়। প্রথম আলোকে আবু সালমান বলেন, ঘটনার দিন তাঁরা বাড়িতে ছিলেন না। গতকালই তাঁরা বাসায় এসেছেন। নিচতলার জঙ্গি আস্তানার কারও সঙ্গে কখনো দেখা হয়েছিল কি না বা কারা থাকতেন তা জানতেন কি না, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কারও সঙ্গেই কখনো দেখা হয়নি। কেউ থাকত কি না বা কারা থাকত তাও তিনি বা তাঁর স্ত্রী জানতেন না।
ঘটনার দিন (শনিবার সকালে) বাড়ির দ্বিতীয় তলার বাসিন্দা মোহাম্মদ আলীও প্রথম আলোকে বলেছিলেন, ওই ফ্ল্যাটের বাসিন্দাদের কারও সঙ্গে তাঁদের কখনো দেখা হয়নি। সূর্য ভিলার পাশের বাড়ির এক নারীকে গতকাল জিজ্ঞেস করলেও তিনি একই উত্তর দেন।
দ্বিতীয় তলায় দুই মেয়ে নিয়ে থাকতেন আঙ্গুর বেগম। অভিযানের সময় শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত তাঁরা নিজেদের ফ্ল্যাটে আবদ্ধ অবস্থায় ছিলেন। মঙ্গলবার তিনি বাসা ছেড়ে দিয়েছেন। উঠেছেন পাশেই এক পরিচিত ব্যক্তির কাছে। তিনি গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পুরো অভিযানের সময় তাঁরা বাসাতেই বন্দী অবস্থায় ছিলেন। পুলিশ তাঁদের অভিযানের আগে বের করে নিয়ে আসেনি। তাঁদের দরজায় পুলিশের পাহারা ছিল। গোলাগুলির সময় তাঁরা প্রচণ্ড ভয় পেয়েছেন। ভয়ে তিনি ও তাঁর দুই বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। আঙ্গুর বলেন, নিচের ফ্ল্যাটের কোনো বাসিন্দার সঙ্গে কখনো তাঁর দেখা হয়নি। মাঝেমধ্যে আলো জ্বলতে দেখেছেন। কারা থাকত তাও তিনি জানতেন না।
বাসায় উঠছেন বাসিন্দারা: বাড়ির তৃতীয় তলার বাসিন্দা আবু সালমান ও বাড়ির মালিক গতকালই বাসায় উঠেছেন। বাড়ির মালিকের বড় মেয়ে জোনাকী রাসেল প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে তাঁরা বাসায় উঠেছেন। পুলিশ বাসিন্দাদের বাসায় উঠতে বলেছে। দ্বিতীয় তলার বাসিন্দা মুহাম্মদ আলী বলেন, পুলিশ তাঁদেরও বাসায় ওঠার অনুমতি দিয়েছে। দ্বিতীয় তলার একটি পরিবার অন্য বাড়িতে গেছে। তারা দু-এক দিনের মধ্যে বাসায় আসবে। তখন তাঁরাও বাড়িতে উঠবেন।