‘সৃজনশীল চালু হওয়ায় কমেছে পাসের হার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফলে পাসের হার ৭১ দশমিক ৯৪ ভাগ। রংপুর ক্যাডেট কলেজ এ বোর্ডে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ধরে রেখেছে। গত বছরের চেয়ে পাসের হার কমেছে ৩ দশমিক ৪৭ ভাগ।এবারই প্রথম এইচএসসি পরীক্ষায় সৃজনশীল পদ্ধতি চালু হওয়ায় পাসের হার কমেছে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান। এ বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে মেয়েদের চেয়ে ছেলেরা ভালো করেছেন। তবে পাসের হারের দিক থেকে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছেন। মোট এক হাজার ৯১৩ জন ছেলে এবং এক হাজার ৫২০ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছেন। অন্যদিকে মেয়েদের পাসের হার ৭৪ দশমিক ১৭। আর ছেলেদের ৬৯ দশমিক ৭০ শতাংশ। গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ কম পেয়েছেন এক হাজার ৫৭৬ জন শিক্ষার্থী। গত বছর পাঁচ হাজার নয়জন জিপিএ-৫ পেয়েছিলেন। এবার জিপিএ-৫ পেয়েছেন তিন হাজার ৪৩৩ জন। তোফাজ্জুর রহমান বলেন, সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু হওয়ার ঘোষণা এসেছে অনেক দেরিতে। শিক্ষার্থীরা ফরম পূরণের সময় অর্থাৎ পরীক্ষার মাত্র তিন মাস আগে জানতে পেরেছে। প্রস্তুতি নেওয়ার সময় কম ছিল। এই পদ্ধতিতে পাঠদানের ব্যাপারে সামান্য সংখ্যক শিক্ষকের প্রশিক্ষণ ছিল। বিজ্ঞান বিভাগে রসায়ন বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্র ছিল। শুধু এই বিষয়ে ১৫ হাজার শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। আর এ কারণেই দিনাজপুর বোর্ডের ফল গত বছরের চেয়ে খারাপ হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের উপসচিব আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, এ বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার কমলেও রংপুর বিভাগের আট জেলার সার্বিক শিক্ষার মান অনেক বেড়েছে।