'সৃজনশীল বাংলাদেশ দেখবে পৃথিবীবাসী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চারুকলা উৎসব ও আর্ট ক্যাম্পের মতো আয়োজনের মধ্য দিয়ে পৃথিবী অন্য এক বাংলাদেশকে দেখবে। যে বাংলাদেশ সৃজনশীল বাংলাদেশ।’

গতকাল মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারায় আন্তর্জাতিক আর্ট ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এ কথা বলেন।

এশীয় দ্বিবার্ষিক চারুকলা উৎসবের অংশ হিসেবে ৬টি দেশের ১৯ জন শিল্পীকে নিয়ে গত সোমবার চট্টগ্রামের আনোয়ারায় কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) তিন দিনের আন্তর্জাতিক আর্ট ক্যাম্প শুরু হয়। আয়োজনের দ্বিতীয় দিনে গতকাল আর্ট ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির এ ধরনের আয়োজন সাংস্কৃতিক আদান-প্রদানের জন্য খুব জরুরি। বিভিন্ন দেশের শিল্পীরা এভাবে পরস্পরের কাছাকাছি আসার সুযোগ পান। আয়োজনের সহযোগী হওয়ায় ইয়াংওয়ান করপোরেশনকেও ধন্যবাদ জানান তিনি।

বক্তব্য শেষে শিল্পীদের উত্তরীয় পরিয়ে দেন মন্ত্রী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দক্ষিণ কোরিয়া দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন সামজু কোয়াক। তিনি বলেন, এই আয়োজনে সহায়তা করছে দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠান। এর মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক আরও গভীর হবে।

অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহান বলেন, এমন প্রাকৃতিক পরিবেশে আর্ট ক্যাম্প সত্যিই চমৎকার। এতে প্রকৃতির সঙ্গে মিশে যায় শিল্পীমন। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে।

ভারতের শিল্পী ধীরাজ চৌধুরী বলেন, ‘চট্টগ্রামের সঙ্গে আমার হৃদ্যতা বহু পুরোনো। বাংলাদেশে ডাক পড়লেই আমি ছুটে আসি। এখানে এলেই আমি আবেগতাড়িত হই।’

সমরজিৎ রায়চৌধুরী বলেন, প্রকৃতির কোলে এবারের আয়োজনটা ব্যতিক্রম। এটা শিল্পীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এ ধরনের স্থানেই যেন আর্ট ক্যাম্প হয়।

হাশেম খান বলেন, সবুজ প্রকৃতির রং। এই রং নিয়ে শিল্পীরা খেলতে ভালোবাসেন। এমন পরিবেশ ছবি আঁকার জন্য ভীষণ উপযোগী।

রফিকুন নবী বলেন, এমন সুন্দর পরিবেশ, ছবি না এঁকে বেড়াতে পারলে ভালোই হতো। শিল্পীদের জন্য এটি চমৎকার পরিবেশ।

আর্ট ক্যাম্পের সমন্বয়কারী ও ইয়াংওয়ান চেয়ারম্যানের উপদেষ্টা মেহ্দী মাহবুবের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিবেশবিদ অধ্যাপক নজরুল ইসলাম, কেইপিজেডের প্রেসিডেন্ট জাহাঙ্গীর সাদাত।