'সৃজনশীল মেধা অন্বেষণ' প্রতিযোগিতা শুরু ১৫ মার্চ
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ‘সৃজনশীল মেধা অন্বেষণ’ প্রতিযোগিতা শুরু হচ্ছে ১৫ মার্চ। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি ও সমমানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথমে উপজেলা পর্যায়ে ১৫, ১৬, ১৮ ও ১৯ মার্চ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর জেলা পর্যায়ে ২২ মার্চ, ঢাকা মহানগরে ২৩ মার্চ, বিভাগীয় পর্যায়ে ২৪ মার্চ এবং জাতীয় পর্যায়ে ৩১ মার্চ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দেশের সব উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে তিনটি গ্রুপে (ষষ্ঠ-অষ্টম, নবম-দশম, একাদশ থেকে দ্বাদশ ও সমমান) ভাগ করে প্রতিযোগিতা হবে। একজন শিক্ষার্থী সর্বাধিক তিনটি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। চলতি এসএসসি ও আসন্ন এইচএসসি পরীক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে সেরা ১২ জনকে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে। ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।
২০১৩ সাল থেকে ‘সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ আয়োজন করছে শিক্ষা মন্ত্রণালয়।