'সৃজনশীল মেধা অন্বেষণ' ১৫ মার্চ শুরু
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে ‘সৃজনশীল মেধা অন্বেষণ’ প্রতিযোগিতা। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি ও সমমানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, প্রথমে উপজেলা পর্যায়ে ১৫,১৬, ১৮ ও ১৯ মার্চ এই প্রতিযোগিতা হবে। এরপর জেলা পর্যায়ে ২২ মার্চ, ঢাকা মহানগরে ২৩ মার্চ, বিভাগীয় পর্যায়ে ২৪ মার্চ ও জাতীয় পর্যায়ে ৩১ মার্চ এ প্রতিযোগিতা হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তিনটি উপদলে ভাগ করে এই প্রতিযোগিতা চলবে। একটি গ্রুপে থাকবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি, আরেকটি গ্রুপে থাকবে নবম থেকে দশম শ্রেণি এবং আরেকটি গ্রুপে থাকবে একাদশ থেকে দ্বাদশ শ্রেণি ও সমমানের শিক্ষার্থীরা।
মন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে বিজয়ী বছরের সেরা ১২ জন মেধাবী শিক্ষার্থীকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বলে তাঁরা আশা করছেন।
শিক্ষামন্ত্রী বলেন, উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ১৫ মার্চ সকাল নয়টায় রাজধানীতে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষাসচিব সোহরাব হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।