‘সে আমাদের গর্ব’
ঘরে বিদ্যুৎ নেই। হারিকেনের আলোতে পড়াশোনা। কিন্তু টাকার অভাবে কেরোসিন কিনতেও হিমশিম। তাই কেরোসিন বাঁচাতে খুব ভোরে উঠেই লেগে যেত পড়াশোনায়। কোনো দিন প্রাইভেট পড়েনি। খেতে পারেনি তিন বেলা। তবু দমে থাকেনি মেয়েটি। তার অদম্য মেধার কাছে হার মেনেছে জাগতিক সব অনুষঙ্গ। প্রাথমিকে বৃত্তি পেয়েছে। সদ্য সমাপ্ত দাখিল পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সে পেয়েছে গোল্ডেন জিপিএ-৫।অদম্য মেধাবী এই মেয়ের নাম লিমা আক্তার। বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের বনগ্রামে। কিন্তু থাকে শহরতলির লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায়। গোপালগঞ্জ মহিলা মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে সে এ বছর সর্বোচ্চ ফল করেছে।গোপালগঞ্জ প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক ইসরাত জাহান জানান, প্রথম আলো-ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে ১৭ জুন লিমাও এসেছিল নিবন্ধন করতে। সঙ্গে ছিলেন শাহাজাহান খান। তিনি পেশায় ঘটক। এ সময় শাহাজাহানের কাছ থেকেই জানা গেল অদম্য মেধাবী লিমা সম্পর্কে।