'সে কাজটিই করেন যেটি আপনাকে আনন্দ দেবে'
জীবনে সফল হতে হলে হাল ছেড়ে দেওয়া যাবে না। শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। নিজেকে চিন্তা করতে হবে বৈশ্বিকভাবে। তবে সবকিছুর আগে আত্মবিশ্বাসী হওয়ার বিকল্প নেই। বাংলাদেশ ইয়ুথ ফেস্টের চট্টগ্রাম পর্বের অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে গতকাল মঙ্গলবার দিনব্যাপী এই অনুষ্ঠান হয়। এর আয়োজক ছিল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।
উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক জাহাঙ্গীর আলম।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সে কাজটিই করেন, যেটি আপনাকে আনন্দ দেবে। জীবনে দুটি সীমান্ত দরকার। এর একটি সফলতার ও অন্যটি সন্তুষ্টির। সফলতার লক্ষ্যকে যত সম্ভব বড় করুন। কিন্তু সন্তুষ্টির পূর্বশর্তকে ছোট ও সহজ করুন।’
অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, তরুণ উদ্যোক্তা আইমন সাদিক, কণ্ঠশিল্পী এলিটা করিম, ম্যারিকো কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা ইকবাল চৌধুরী, ইউনিলিভার বাংলাদেশের ক্রেতা উন্নয়ন পরিচালক কে এস এম মিনহাজ, বিএসআরএম গ্রুপের পরিচালক তেহিসন জোহাইর তাহেরালী, আমরা স্মার্ট সলিউশনের হেড অব বিজনেস সোলাইমান সুকান প্রমুখ।
অধিবেশনের দ্বিতীয় পর্বে সামাজিক সমস্যা সমাধান, প্রযুক্তিগত ধারণা, উদ্যোক্তা, নারী উদ্যোক্তা ও সংক্ষিপ্ত রচনা উপস্থাপন—এই পাঁচটি বিভাগে ধারণা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী পাঁচজনকে ২৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।