‘সেচ কৃষকের নাগালের বাইরে চলে যাচ্ছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চলের ছোট-বড় সব নদ-নদী কয়েক দশক ধরে পানিশূন্য হয়ে পড়েছে। গড় বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি তোলার হার বৃদ্ধি পাওয়ায় নওগাঁসহ বৃহত্তর রাজশাহীর বিভিন্ন জেলা ক্রমান্বয়ে মরু অঞ্চলে পরিণত হচ্ছে। সেচ কৃষকের নাগালের বাইরে চলে যাচ্ছে এবং কৃষিজাত পণ্যের উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে।উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে গত বুধবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলার নীতপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। পোরশা উপজেলার সচেতন নাগরিক ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ যৌথভাবে ওই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক ও কয়েক শ শিক্ষার্থীসহ সাধারণ মানুষ মানববন্ধনে অংশ নেন।বক্তারা বলেন, নদী ও খাল-বিল শুকিয়ে যাওয়ার কারণে বেকার হয়ে পড়ছে কয়েক শ জেলেসহ তাঁদের ওপর নির্ভরশীল মাছ ব্যবসায়ী ও অন্যান্য পেশার লোকজন। মরুকরণ রোধে এখনই দরকার সরকারিভাবে পরিকল্পিত পানির ব্যবহারসহ উত্তরাঞ্চলের শীর্ণপ্রায় নদী খননসহ জলাধার নির্মাণ ও পরিবেশবান্ধব বৃক্ষরোপণ করার কার্যক্রম হাতে নেওয়া।বক্তারা বলেন, নওগাঁসহ উত্তরাঞ্চলের জনজীবনে স্বস্তি আনতে এবং বরেন্দ্র অঞ্চলকে বাঁচাতে ‘উত্তর রাজশাহী সেচ প্রকল্প’ বাস্তবায়ন করাও খুব জরুরি। সমাবেশে দাবি করা হয়, সেচ প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হলে পদ্মা, তিস্তা ও মহানন্দাসহ ছোট ছোট নদী ও খালের পানি দিয়ে আরও ৭৫ হাজার হেক্টর জমি নতুন করে সেচ-সুবিধার আওতায় আনা সম্ভব হবে। পরিবেশ বিপর্যয়ের মরণ ছোবল থেকে লাখ লাখ মানুষ ও অন্যান্য প্রাণীর জীবন রক্ষা পাবে। সমাবেশে বক্তৃতা করেন পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান শাহ ও ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, বিএনপির নেতা আবদুর রাজ্জাক, সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খান, রাজশাহী চেম্বার অব কমার্স আন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এম শরিফ, সাংবাদিক হাসান মিল্লাত, সমাজসেবক মোয়াজ্জেম হোসেন, সুপ্রর ফজলুল হক, ভূমি কর্মকর্তা সাইফুর রহমান, মোজাফ্ফর রহমান, আনোয়ারুল ইসলাম প্রমুখ।