‘সেতু পার হই, মনে হয় পুলসেরাত পার হইছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাবধান, ঝুঁকিপূর্ণ বেইলি সেতু, পাঁচ টনের অধিক ওজনের মাল বহন করা নিষেধ’। সাবধানবাণীটি ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের। এটি ময়মনসিংহ-চট্টগ্রাম ও ময়মনসিংহ-সিলেট আঞ্চলিক সড়ক হিসেবেও ব্যবহূত হয়ে আসছে।বাণীসংবলিত সাইনবোর্ডগুলোর অবস্থান এ মহাসড়কের চারটি বেইলি সেতুর কাছে। সতর্কবাণী বসিয়ে দেওয়া হয়েছে আজ থেকে ২০ বছর আগে। এখনো আছে একইভাবে। সেতু ও সাইনবোর্ডের পরিবর্তন নেই, শুধু দিন দিন বাড়ছে বয়স আর ঝুঁকির মাত্রা। কিছুদিন পরপর হেলে পড়া, দেবে যাওয়া আর পাটাতন ভেঙে পড়া সেতু চারটির সাধারণ ঘটনার রূপ পেয়ে বসেছে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ভৈরব থেকে মাত্র ১০ কিলোমিটারের মধ্যে ঝুঁকিপূর্ণ তিনটি বেইলি সেতুর অবস্থান। দুটি পড়েছে ভৈরব উপজেলায়, একটি কুলিয়ারচরের ছয়সুতিতে, অন্যটি আছে কিশোরগঞ্জ সদরের প্রবেশপথে। ২০ বছর আগে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) সেতু চারটিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করে। সেতুর ওপর দিয়ে যাত্রীবাহী বাস ও ট্রাক পার হওয়ার সময় যাত্রীদের শরীর কেঁপে ওঠে; এই কাঁপুনি মাটি পর্যন্ত জানান দেয়।কিশোরগঞ্জগামী যাত্রীবাহী বাসের চালক হাসেম আলী (৫০) বলেন, ‘একেকটি সেতু পার হই আর মনে হয়, পুলসেরাত পার হইছি। যেকোনো মুহূর্তে যাত্রীদের নিয়া ধপাস।’অন্য বাসচালক শেখ মোহাম্মদ বলেন, ‘যতটুকু বুঝি, বেইলি সেতু শব্দের অর্থ জরুরি প্রয়োজনে অস্থায়ী সেতু, কিন্তু এই অস্থায়ী সেতুগুলোর বয়স ২০ থেকে ২২ বছর। আমরার এখানে আইসা বেইলি শব্দের অর্থ বদলাইয়া গেছে।’কটিয়াদীর বাসচালক হজরত আলী (৪০) বলেন, ‘ভাঙাচুরা হলে কী হইব, এ মহাসড়কের মর্যাদা অনেক। কারণ, স্থানীয় সরকারমন্ত্রী, সংসদের স্পিকার আর রাষ্ট্রপতিসহ বর্তমান সরকারের প্রায় হাফ ডজন নীতিনির্ধারক এ সড়ক ব্যবহার করেন।’ভৈরব সওজের উপবিভাগীয় কার্যালয় থেকে জানা গেছে, ১৯৮৫-৮৬ অর্থবছরে ঢাকা-কিশোরগঞ্জ সড়কটিতে পিচের আস্তর পড়ে। সে সময় জরুরি প্রয়োজনে অস্থায়ীভাবে চারটি বেইলি সেতু নির্মাণ করে যোগাযোগব্যবস্থা চালু করা হয়। কথা ছিল, দুই থেকে তিন বছরের মধ্যে ওই স্থানে স্থায়ীভাবে পাকা সেতু হবে, কিন্তু নানা কারণে ২০ বছর পরও সেতু চারটি মর্যাদায় বেইলি সেতুই রয়ে গেল; পাকা সেতু হতে পারেনি। একই বিভাগের হিসাবমতে, বর্তমানে প্রতিদিন গড়ে তিন হাজার যান চলছে। ফলে মহাসড়কটি ব্যস্ততম মহাসড়ক হিসেবেই তাদের তালিকাভুক্ত হয়েছে। বেইলি সেতুর কারণে জনগুরুত্বপূর্ণ মহাসড়কটিতে প্রতিবছর একাধিকবার যাতায়াত-বিপর্যয় ঘটে। প্রতি মাসে প্রতিটি সেতু হয় ভেঙে পড়ছে, না হয় দেবে যাচ্ছে।ভৈরব সওজের উপসহকারী প্রকৌশলী অহিদুজ্জামান জানান, সেতু চারটি ঝুঁকিপূর্ণ। তিনি আরও জানান, জাইকার আর্থিক সহযোগিতায় ইস্টার্ন বাংলাদেশ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় স্থায়ী সেতু নির্মাণের প্রক্রিয়া চলছে, তবে এই উদ্যোগ এখনো মাঠপর্যায়ে আসেনি।