‘সেতুগুলো নৌকার মতো দোলে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন সংস্কার না করায় নেত্রকোনার দুর্গাপুর-বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের অধিকাংশ সেতু জরাজীর্ণ হয়ে পড়েছে। ৩৭ কিলোমিটার এই সড়কের ১৫টি সেতু ও কালভার্টের মধ্যে তিনটি বেইলি সেতু ভেঙে গেছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বাদবাকি সেতু ও কালভার্টগুলো। এসব সেতুর ওপর দিয়ে প্রতিদিন দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার পাহাড়ি জনপদের মানুষ ও পর্যটকেরা ঝুঁকি নিয়ে চলাচল করছে।বাসচালক উজ্জ্বল মিয়া বলেন, ‘বেইলি সেতু পার হওয়ার সময় সেতুর কাঁপুনির সঙ্গে ভয়ে বুকটাও কাঁপে। মনে হয় এই বুঝি সেতু ভেঙে পড়ল। পুরো সেতু নৌকার মতো দোলে। যাত্রী নামিয়ে দিই। একেকটা সেতু পার হতে এক মিনিটের জায়গায় পাঁচ মিনিট লাগে।’নেত্রকোনা সড়ক ও জনপদ বিভাগ (সওজ) সূত্র জানায়, নেত্রকোনা সওজের অধীন এই সড়কটি দুর্গাপুর উপজেলা সদর থেকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সঙ্গে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে যুক্ত হয়েছে। সড়কের জরাজীর্ণ ১৫টি সেতু ও কালভার্টের মধ্যে আটটি বেইলি সেতু ও সাতটি ছোট-বড় কালভার্ট। বেইলি সেতুগুলো এমনই জরাজীর্ণ যে মালবোঝাই ট্রাক নিয়ে প্রায়ই ভেঙে যায়। গত বছরের ১০ এপ্রিল সড়কের রাজাবাজার ও ২৬ আগস্ট প্রতাবপুর এলাকার বেইলি সেতু দুটি মালবোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়ে। এর আগেও সড়কের কলাতলী এলাকায় একটি ও শুকনাকুড়ি এলাকার দুটি বেইলি সেতু ভেঙেছে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, কলাতলীতে একটি ও শুকনাকুড়িতে দুটি বেইলি সেতু এখনো ভাঙা। পাশের নিচু জমিতে তৈরি বিকল্প মাটির রাস্তায় যান চলাচল করছে। সড়কের বালুঘাটা এলাকার বেইলি সেতুটির অবস্থা খুবই নাজুক। ২৪২ ফুট দীর্ঘ সেতুটির পাটাতনগুলোতে জোড়াতালি দেওয়া হয়েছে।জালশুকা এলাকায় একটি বক্স কালভার্টের একাংশের পিলার ভেঙে যাচ্ছে। এর একপাশের রেলিং ভেঙে গেছে। বালুঘাটা, কৃষ্ণেরচর, শান্তিপুর, ব্রাহ্মণখালী, রাজাবাজার, দয়ালবাড়ী এলাকার বেইলি সেতুগুলোর অবস্থাও বেশ নাজুক। দুই পাশে ‘সাবধান, ঝুঁকিপূর্ণ বেইলি সেতু, পাঁচ টনের অধিক যানবাহন পারাপার নিষেধ’ লেখা সওজের সতর্কীকরণ সাইনবোর্ড টাঙানো। এসব সেতুর পাটাতনের মাঝে ফাঁক হয়ে গেছে। যানবাহন পারাপারের সময় কট কট শব্দ করে। পুরো সেতু নৌকার মতো দোলে।সওজের উপসহকারী প্রকৌশলী মহিউদ্দিন বলেন, ‘সেতু-কালভার্টগুলো স্বাধীনতার পর পরই নির্মিত। বেইলি সেতুগুলো হালকা যান চলাচলের জন্য অস্থায়ীভাবে নির্মিত হয়েছিল। কিন্তু প্রতিদিন এসব সেতুর ওপর দিয়ে ২০-২৫ টন মালবোঝাই কয়েক শ ট্রাক চলাচল করছে। এতে সেতুর পাটাতনগুলো ক্ষয়ে নড়বড়ে হয়ে গেছে। কালভার্টগুলোর পিলার ও ওপরের পাটাতন দুর্বল হয়ে গেছে। এগুলোই এখন সড়কের মূল সমস্যা।নেত্রকোনা সওজের নির্বাহী প্রকৌশলী এ কে এম জুলফিকার ইসলাম জানান, রাস্তাসহ সেতু-কালভার্টগুলো উন্নয়নের জন্য পরিকল্পনা কমিশনে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি প্রি-একনেকে জমা আছে। এটি পাস হলে স্থায়ী ভিত্তির ওপর সেতুগুলো পুনর্নির্মাণ ও রাস্তা প্রশস্তকরণের কাজ করা হবে।