'সেদিন প্রতিবিপ্লবীরাই জয়ী হয়েছিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেবিলের ওপর চেয়ার। এতে একটি কৃত্রিম পা। পাশেই ক্রাচ, লাঠি-ছড়ি। অন্যপাশে ইউনিফর্ম, ক্যামেরা, বেল্ট, প্যান্ট, শার্ট, হাতঘড়ি। এসব ব্যবহার করেছিলেন মুক্তিযোদ্ধা কর্নেল আবু তাহের বীর উত্তম।
আজ শনিবার সিপাহি জনতার অভ্যুত্থানের ৪০তম বার্ষিকী ও কর্নেল আবু তাহেরের ৭৭তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সড়কদ্বীপে এসব প্রদর্শন করা হয়। কর্নেল তাহেরের জীবন ও কর্ম নিয়ে সেখানে দিনব্যাপী মেলার আয়োজন করে কর্নেল তাহের সংসদ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে প্রদর্শনী।
প্রদর্শনীতে আরও ছিল কর্নেল তাহেরের নিজ হাতে লেখা চিঠি, অডিও ক্যাসেট, দুর্লভ কিছু কাগজপত্র, সংবাদপত্রের কাটিং। বিক্রির জন্য ছিল স্যুভেনির, তাঁর ও মুক্তিযুদ্ধের ওপর লেখা বিভিন্ন লেখকের কিছু বই। দিবসটি উপলক্ষে সকালে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। একপাশে তাঁদের বাছাই করা কিছু ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়।
সকালে কর্নেল তাহেরের স্ত্রী লুৎফা তাহের বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। দিনভর মেলা শেষে বিকেলে আয়োজন করা হয় আলোচনা সভার। কর্নেল তাহেরের ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কর্নেল তাহের সংসদের সহসভাপতি মুশতাক হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসিমা আক্তার হোসাইন, জাসদ নেত্রী আফরোজা হক প্রমুখ।
‘ফিরে দেখা ৭ নভেম্বর ১৯৭৫’ শিরোনামে মূল প্রবন্ধে অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ‘৬ নভেম্বরের অভ্যুত্থান সংক্রান্ত ঘোষণা বেতারে মধ্যরাত থেকে প্রচারিত হতে থাকলেও, এর পেছনে যে জাসদ প্রধান শক্তি এবং এর নেতা কর্নেল তাহেরের নেতৃত্বে এটা সংঘটিত হয়েছে, সে কথা বলা হয়নি। ফলে এই সিপাহি অভ্যুত্থান সম্পর্কে মানুষ অন্ধকারে থেকে যায়।’
ওই অভ্যুত্থানে প্রতিবিপ্লবীরাই জয়ী হয়েছিল, উল্লেখ করে অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, বিভিন্ন ব্যত্যয়ের কারণে অভ্যুত্থান প্রাথমিকভাবে সফল হলেও তার ফল হয় ভয়াবহ। ক্ষমতার দণ্ড হাতে নিয়ে বিভিন্ন দেশে প্রতিবিপ্লবীরা যে পথ অনুসরণ করে, বিজয়ী হিসেবে জিয়াউর রহমান এর অন্যথা করেননি। অভ্যুত্থানের নায়ক কর্নেল তাহের ও ৭ নভেম্বরের পর যেসব জাসদ নেতাকে তিনি মুক্তি দিতে বাধ্য হয়েছিলেন, তাঁদের ফের গ্রেপ্তার করা হয়। স্বল্প সময়ের মধ্যেই গোপন ট্রাইব্যুনালে বিচারের নামে প্রহসন করে তিনি কর্নেল তাহেরকে ফাঁসি দেন।