'সেনা মোতায়েন আলোচনা সাপেক্ষে'
নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেছেন, ১৪ ডিসেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের ওপরই নির্ভর করবে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত। বৈঠকে আলোচনা সাপেক্ষে সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
নির্বাচন কমিশনার শাহনেওয়াজ গতকাল শনিবার ব্যক্তিগত সফরে চাঁদপুরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
বোচাগঞ্জে আগুনে সংখ্যালঘু ১০টি পরিবারের ঘর ছাই
দিনাজপুর অফিস
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার রেল কলোনিতে আগুনে হিন্দু সম্প্রদায়ের ১০টি পরিবারের বাড়িঘর ভস্মীভূত হয়েছে। তাঁদের অভিযোগ, দুর্বৃত্তরা এ আগুন লাগিয়েছে। তবে পুলিশ ও ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে এর কারণ সম্পর্কে কিছু বলতে পারেনি।
আগুন লাগার এ ঘটনায় স্থানীয় লোকজন সন্দেহভাজন এক যুবককে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন। গত শুক্রবার রাত তিনটার দিকে সংঘটিত এ ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
রেল কলোনির বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের তাপে নারী-শিশুদের চিৎকারে সবাই জেগে ওঠেন। কয়েকটি ঘরের বাইরের অংশে আগুন জ্বলতে দেখে কোনো রকমে সবাই নিজ নিজ বাড়ি থেকে বেরিয়ে আসেন। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও ঘরের
সব আসবাব ও খাদ্যসামগ্রী পুড়ে ছাই হয়েছে।