‘সেন্টার ফি’র নামে টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার থেকে সারা দেশে এ পরীক্ষা শুরু হয়েছে।পরীক্ষার্থী ও কলেজশিক্ষকেরা জানান, বাউবির এইচএসসি পরীক্ষায় নবীনগর মহিলা কলেজ কেন্দ্র থেকে এ বছর প্রথম বর্ষে ৭৫ জন ও দ্বিতীয় বর্ষে ৯৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। কেন্দ্রের কর্তৃপক্ষ সম্পূর্ণ অবৈধভাবে পরীক্ষার্থীদের কাছ থেকে ‘সেন্টার ফি’র নামে ৬০০ টাকা করে আদায় করছে। টাকা নেওয়ার কথা স্বীকার করে নবীনগর মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ইমাম মাহিদ বলেন, ‘গত বছরও এভাবে টাকা নেওয়া হয়েছে। বিভিন্ন নন-অফিসিয়াল খরচ চালাতে আমরা সেন্টার ফি বাবদ এ বছরও ৬০০ টাকা করে নিয়েছি। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের প্রশাসনিক নানা খরচসহ আনুষঙ্গিক কেনাকাটায় তা ব্যয় করা হবে।’ নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের সমন্বয়ক কান্তি কুমার ভট্টাচার্য বলেন, ‘টাকা নেওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে কী কারণে এত টাকা নেওয়া হয়েছে তা খতিয়ে দেখা হবে।’বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক নাজনীন নেগার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পরীক্ষা বাবদ কোনো কেন্দ্র থেকে একটি টাকা নেওয়ারও সুযোগ নেই। অভিযোগের সত্যতা পেলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।