'সেবা খাতের মধ্যে বিদ্যুৎ বিভাগ সবচেয়ে সফল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিদু্্যৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে গতকাল চট্টগ্রাম নগরে বিদু্যৎ উন্নয়ন বোর্ডের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবিটি আগ্রাবাদ এলাকা থেকে তোলা l প্রথম আলো
জাতীয় বিদু্্যৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে গতকাল চট্টগ্রাম নগরে বিদু্যৎ উন্নয়ন বোর্ডের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবিটি আগ্রাবাদ এলাকা থেকে তোলা l প্রথম আলো

সরকারি বিভিন্ন সেবা খাতের মধ্যে বর্তমানে বিদ্যুৎ বিভাগ সবচেয়ে সফল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টার কারণে বিদ্যুৎ খাত ভালো অবস্থায় এসে দাঁড়িয়েছে। জাতীয় স্বার্থে সবাইকে বিদ্যুতের ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
গতকাল বুধবার জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে নগরের আগ্রাবাদের বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় মহিউদ্দিন চৌধুরী এসব কথা বলেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের পরিচালক (প্রধান প্রকৌশলী) মো. আবদুল মোত্তালিবসহ পিডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (সিবিএ) চট্টগ্রাম মহানগর শাখা এবং চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার শাখার নেতারা বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা পিডিবিকে কোম্পানিতে রূপান্তরের সিদ্ধান্তের বিরোধিতা করে বক্তব্য দেন। তাঁদের এ বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন মহিউদ্দিন চৌধুরী। আগামী পাঁচ বছর পিডিবিকে কোম্পানি না করে বিদ্যুতের উৎপাদন ও সরবরাহের উন্নতি ঘটানো যায় কি না, সেটি যাচাই করে দেখার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
আলোচনা সভার আগে বিদ্যুৎ ভবন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাদামতলী মোড় ঘুরে বিদ্যুৎ ভবনে এসে শেষ হয়। এ ছাড়া বিদ্যুৎ ভবন প্রাঙ্গণে সাত দিনব্যাপী বিদ্যুৎ মেলারও উদ্বোধন করা হয়।