'সেবা দিতে ইউপির স্থায়ী কমিটি সক্রিয় করতে হবে'
তৃণমূল পর্যায়ে সেবার মান উন্নত করতে হলে ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থায়ী কমিটিগুলোকে সক্রিয় করতে হবে। কেননা যেসব ইউনিয়ন পরিষদে স্থায়ী কমিটি সক্রিয়, সেখানে সেবার মানও তুলনামূলকভাবে ভালো। বেসরকারি সংগঠন উন্নয়ন সমন্বয়ের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
সাতক্ষীরা জেলার তিনটি ইউনিয়নের মাঠপর্যায়ের গবেষণায় এই তথ্য পেয়েছে সংগঠনটি। গতকাল রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সেবার মান উন্নয়নে ইউনিয়ন পরিষদ স্থায়ী কমিটির ভূমিকা’ শীর্ষক জাতীয় সম্মেলনে গবেষণালব্ধ এ তথ্য তুলে ধরা হয়।
যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক সাহায্য সংস্থা—ইউএসএআইডির অর্থায়নে ২০১২-২০১৪ সময়ে ‘টেট্রা টেক এআরডি’ নামে একটি প্রতিষ্ঠান ৬০০ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত সদস্য ও নির্ধারিত কিছু জনপ্রতিনিধিকে প্রশিক্ষণ দেয়। এর মধ্যে ৪৫০টি ছিল ইউনিয়ন পরিষদ। প্রশিক্ষণ দেওয়া হয়েছে এমন তিনটি ইউনিয়নে গবেষণাটি করা হয়েছে।
সম্মেলনে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মসিউর রহমান, গবেষণা দলের নেতা ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য খন্দকার মোকাদ্দেম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক জেরিনা রহমান খান প্রমুখ। গবেষণার ফলাফল উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের গবেষক মাহফুজ কবির।
২০০৯ সালে প্রণীত ইউনিয়ন পরিষদ আইনে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলাসহ ১৩টি বিষয়ে স্থায়ী কমিটি গঠনের কথা বলা হয়েছে।