'সেবা না বাড়িয়ে ভাড়া বাড়ালে যাত্রী কমবে রেলের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর বছর ভাড়া বাড়লে রেলের যাত্রী কমে যাবে বলে মনে করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি মনে করে, অনিয়ম, দুর্নীতি ও লুটপাট বন্ধ করে নতুন ইঞ্জিন ও কোচ এনে সেবা বাড়িয়ে এবং দক্ষ প্রশাসন দিয়ে রেলের লোকসান কমানোর পাশাপাশি ধীরে ধীরে লাভজনক করা সম্ভব।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির নেতারা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেন, ‘আমরা কথায় কথায় ভারতের উদাহরণ দিলেও ভারত কীভাবে রেল খাতে উন্নয়ন করেছে তা কাজে লাগাতে চাই না। দাতাদের পরামর্শে দক্ষ লোক ছাঁটাই করা হয়েছে। এখন আবার ঋণের শর্ত অনুযায়ী ভাড়া বাড়ানো হচ্ছে। অথচ দাতারা যে ঋণ দেয় তা পরামর্শক হিসেবে নিয়ে নেয়। পাশাপাশি দুর্নীতি ও লুটপাটে এই অর্থ চলে যায়। ফলে লাভের চেয়ে লোকসানই বেশি। একইভাবে পাট খাতও ধ্বংস করা হয়েছিল।’
আনু মুহাম্মদ বলেন, রেল সবচেয়ে নিরাপদ। সবচেয়ে কম খরচ। মালামাল পরিবহনে রেলকে গুরুত্ব দিলে খরচও কমতো, চাঁদাবাজিও বন্ধ হতো। কিন্তু রেলপথ না বাড়িয়ে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে সড়কে ফ্লাইওভারে। রেলপথ মন্ত্রণালয় হলেও এমন লোককে রেলের দায়িত্ব দেওয়া হয়েছে যিনি কিছুই করতে পারছেন না।
পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান অভিযোগ করেন, রেলের বর্তমান প্রশাসন অথর্ব। তাদের দ্রুত বদলানো দরকার। এরপর বিশেষজ্ঞদের নিয়ে যাত্রীদের চাহিদা নিরূপণ করে পরিকল্পনা অনুযায়ী কাজ করা দরকার।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বাংলাদেশ রেলওয়ে আজ তলা ফুটো কলসিতে পরিণত হয়েছে। ভাড়া বৃদ্ধি করে রেলের লোকসান কমানো বা লাভজনক করা যে কোনো ভাবেই সম্ভব নয় তা ২০১২ সালে ব্যাপক ভাড়া বৃদ্ধির পর প্রমাণিত হয়েছে। তিনি রেলের ভাড়া না বড়িয়ে যাত্রী সেবার মান বাড়ানোর দাবি জানান।
বাসদ নেতা রাজেকুজ্জামান রতন নিরাপদ ও সাশ্রয়ী ভ্রমণের জন্য রেল ভাড়া বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি জানান।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, রেলের ক্ষেত্রে একদিকে লুটপাটতন্ত্র কায়েম করা হচ্ছে, অন্যদিকে ভাড়া বাড়িয়ে যাত্রীদের কাঁধে চাপানো হচ্ছে।
গণপরিবহন বিশেষজ্ঞ আবদুল হক বলেন, পৃথিবীতে সবচেয়ে বেশি ছোট গাড়ি উৎপাদন করে জাপান। কিন্তু তাদের যোগাযোগব্যবস্থা রেলনির্ভর। অথচ আমাদের রেল যেন অবহেলার প্রতীক। ব্যবস্থাপনা বদলালেই এই পরিস্থিতি বদলানো সম্ভব।
ডব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ভাড়া বাড়লে যাত্রী কমবে। অথচ শুধুমাত্র ব্যবস্থাপনা ঠিক করলেই রেলের লোকসান কমানো সম্ভব।
যাত্রী কল্যাণ সমিতির রেলপথ বিষয়ক উপকমিটির আহ্বায়ক মহিউদ্দীন আহমেদ বলেন, রেলের হাজার কোটি টাকার সম্পদ অন্যরা ভোগ করছে। অথচ রেল যদি এই সম্পদ কাজে লাগাতে পারতো, তাহলে লাভ করতে পারতো।