
বাবার হাত ধরে সপরিবার পাড়ি দিয়েছিলেন যুক্তরাজ্যে। মারা যাওয়ার পর বিদেশেই সমাহিত করা হয় বাবাকে। এখন দেশে পড়ে থাকা বাবার স্মৃতিবিজড়িত বাড়িটিকে বিনা মূল্যে সেবাদানের কেন্দ্রে পরিণত করেছেন ছেলে।
ওই ছেলের নাম মো. আবদুল ওয়াদুদ। যুক্তরাজ্যপ্রবাসী এই ব্যক্তির গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার প্রত্যন্ত বহরগ্রামে। তাঁর বাবার নাম মুফজ্জিল আলী। ওয়াদুদের প্রতিষ্ঠিত সেবাকেন্দ্রটির নাম মুফজ্জিল আলী প্রাইমারি ফ্রি মেডিকেল সেন্টার। এখান থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে নারী ও শিশুর চিকিৎসাসেবার পাশাপাশি বয়স্কদের জন্য মাসিক ভাতা দেওয়া হয়। আগামী বছরের জানুয়ারিতে ১০ বছর পূর্ণ করবে এই কার্যক্রম।
ওয়াদুদ সর্বশেষ দেশে এসেছিলেন গত মে মাসের শেষ সপ্তাহে। তখন কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘আমার কাছে বাবার বাড়ি হচ্ছে দেশ। মনে হয়, সেবার মাঝেই বাবাকে পাচ্ছি।’
আবদুল ওয়াদুদ বলেন, ১৯৭২ সালে মা, আরেক ভাইসহ সপরিবারে যুক্তরাজ্যে পাড়ি দেন তাঁরা। এখন লন্ডন শহরে বাস তাঁদের। জীবদ্দশায় তাঁর বাবার ইচ্ছা ছিল দেশের ফাঁকা বাড়িটি সেবামূলক কাজে ব্যবহার করার। এই ইচ্ছা পূরণের আগে ১৯৯০ সালে তিনি মারা যান। বাবার ইচ্ছা পূরণের জন্য ২০০৮ সালের জানুয়ারিতে ‘মুফজ্জিল আলী প্রাইমারি ফ্রি মেডিকেল সেন্টার’ প্রতিষ্ঠা করেন তিনি।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, কুশিয়ারা নদীর তীরে পাঁচ কাঠা জায়গার বাড়িটির সামনে টিনশেডের লম্বা ঘর। চিকিৎসাসেবা, অসহায়দের গৃহনির্মাণ, বয়স্ক ভাতা, শিক্ষা উপকরণসহ সেবামূলক কার্যক্রমের জন্য বিভিন্ন কক্ষের রয়েছে আলাদা নাম। চিকিৎসাসেবা তদারক করার জন্য কর্মী আছেন সাতজন। চিকিৎসক দুজন। এর মধ্যে একজন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চিকিৎসক আনোয়ারা জেবিন।
চিকিৎসক আনোয়ারা জেবিন বলেন, সপ্তাহে এক দিন শনিবার তিনি এখানে রোগী দেখেন। এ জন্য তাঁকে সম্মানী দেওয়া হয়। সপ্তাহে গড়ে ৮৫ জন রোগী দেখা হয়। এর মধ্যে বেশির ভাগ নারী।
মেডিকেল সেন্টারটির সহকারী পরিচালক আলিম উদ্দিন বলেন, মাসের শেষ শনিবার দেওয়া হয় বয়স্ক তালিকায় থাকা ২৫ জন নারী-পুরুষকে বয়স্ক ভাতা। চিকিৎসাসেবা ছাড়া অন্যান্য সেবা খাত পরিচালনায় প্রশাসনিক দপ্তর ও মাঠকর্মীর একটি দল রয়েছে। বয়স্ক ভাতার তালিকায় থাকাদের মধ্যে কেউ মারা গেলে তাঁকে এককালীন টাকা দেওয়া হচ্ছে। গৃহহীনদের জন্য রয়েছে গৃহনির্মাণ সেবা। বহরগ্রামসহ আশপাশের পাঁচটি গ্রামে ১০টি পাকা ঘর নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় চার লাখ টাকা ব্যয়ে একটি বাস্তবায়ন করা হয়েছে। বাকি নয়টি প্রক্রিয়াধীন।
বুধবারী বাজারের বাসিন্দা গৃহবধূ ছায়াতুন নেছা বলেন, ‘গাঁওত থাকি ডাক্তারের নাগাল পাওয়া যায় না। ই-খানও আইলে ডাক্তারই আগ বাড়াইয়া আমরার খবর নেইন।’ বহরগ্রামের উত্তর দিকের বাসিন্দা প্রতিবন্ধী দুই শিশুর পরিবারকে গৃহনির্মাণ প্রকল্পে পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। পাকা ঘরের বাসিন্দা জৈনউদ্দিন বলেন, ‘আমি তো কামকাজ করি খাই। পাকা বাড়িত থাকমু, স্বপ্নেও ভাবছি না। প্রবাসী ভাই করি দিছইন বইলা স্বপ্ন সত্যি অইল!’
বাবার নামে, বাবার বাড়ি ঘিরে এমন সেবাকর্মের পেছনে শুধুই কি বাবার টান, না অন্য কোনো উদ্দেশ্য আছে? এমন প্রশ্নে মো. আবদুল ওয়াদুদ বলেন, ‘প্রবাসে শুধু রোজগার করি। খরচ করার মতো কিছু নেই। বছরে দুবার দেশে আসি। রোজগারের অর্থ থেকে খরচ করছি। উদ্দেশ্য একটাই, বাবার টান।’
সিলেটে সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত প্রবাসীদের ট্রাস্টি সংগঠন বাংলাদেশ ওভারসিজ সেন্টারের নির্বাহী পরিচালক শামসুল আলম প্রথম আলোকে বলেন, সিলেটে প্রবাসীদের স্বজন, পরিবারের নামে নানা রকম সেবামূলক কার্যক্রমের প্রচলন আছে। তবে বাবার বাড়ি নিয়ে এমন সেবাকর্মের দৃষ্টান্ত অনন্য।