'সেবায়েতকে অভিযুক্ত করা দুরভিসন্ধিমূলক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি তো দেবোত্তর সম্পত্তির একজন সেবায়েত মাত্র। দখলদার চক্রের মাধ্যমে বিতাড়িত হয়েছিলাম। উচ্চ আদালতের রায়ে দেবোত্তর সম্পত্তির সেবা করার দায়িত্ব আবার ফিরে পেয়েছি। দেবোত্তর সম্পত্তির দখলদার ও হাজার কোটি টাকা আত্মসাৎকারীদের সঙ্গে সেবায়েতকে অভিযুক্ত করা দুরভিসন্ধিমূলক। আমি পিবিআইয়ের তদন্তে সন্তুষ্ট নই। আমাকে অভিযুক্ত করার কারণ জানতে আইনি পদক্ষেপ নেব। প্রয়োজনে পুনঃতদন্ত চাইব।’

উচ্চ আদালতের রায়ে সিলেটে শিল্পপতি রাগীব আলীর দখল থেকে মুক্ত দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগানের আলোচিত দুটি মামলার একটিতে অভিযুক্ত হওয়ার প্রতিক্রিয়ায় গতকাল সোমবার প্রথম আলোকে এ কথা বলেন সেবায়েত পংকজ কুমার গুপ্ত।

পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) সিলেটের অতিরিক্ত সুপার (এসপি) সারোয়ার জাহান গত রোববার সিলেটের মহানগর মুখ্য হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে অভিযোগপত্র জমা দেন। পৃথক দুটি মামলার মধ্যে ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতির মামলার অভিযোগপত্রে রাগীব আলী (৭৫) ও তাঁর একমাত্র ছেলে আবদুল হাইকে (৪৫) অভিযুক্ত করা হয়। প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় রাগীব আলী, তারাপুর চা-বাগানের মালিক (সেবায়েত) পংকজ কুমার গুপ্ত, রাগীবের আত্মীয় মৌলভীবাজারের রাজনগরের বাসিন্দা দেওয়ান মোস্তাক মজিদ, রাগীবের ছেলে আবদুল হাই, রাগীবের মেয়ের জামাই আবদুল কাদির ও মেয়ে রুজিনা কাদিরকে অভিযুক্ত করা হয়।

দেবোত্তর সম্পত্তির দখলদার ও হাজার কোটি টাকা আত্মসাৎকারী অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তাঁকেও অভিযুক্ত করায় অনেকটা অপমানিত বোধ করছেন জানিয়ে পংকজ বলেন, ‘আমি এখন পর্যন্ত যা করছি, তা সবই উচ্চ আদালতের নির্দেশনায় করছি। গত ১৫ মে আমাকে বাগানের দখল বুঝিয়ে দিয়েছে প্রশাসন। সেই থেকে আমি বাগানেই আছি। অথচ আমাকে চার্জশিটে পলাতক বলা হয়েছে। পিবিআইয়ের তদন্ত ও অভিযোগপত্র কোনো মহল দ্বারা প্রভাবিত বলে মনে করছি।’

সংশোধনী: গতকাল প্রথম আলোর শেষ পাতায় প্রকাশিত ‘রাগীব আলীর দুটি মামলার অভিযোগপত্র’ শীর্ষক প্রতিবেদনের একটি অংশে পংকজ কুমার গুপ্তের নাম দুটি মামলার এজাহারে ছিল না বলে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে দুটি মামলার মধ্যে প্রতারণা মামলার এজাহারে পংকজের নাম ছিল। স্মারক জালিয়াতের মামলার এজাহারে তাঁর নাম ছিল না।