‘সেমাইকোনা দিয়্যা হামার উপক্যার করলেন বাবা’
‘বারো বচর থ্যাকি পঙ্গু হয়্যা আচি। কাম করব্যার পাই ন্যা। কাইয়ো ইলিপ (রিলিফ) দিলে মাইষের (মানুষের) ভিড়ের ভয়োত নিব্যার যাবার পাই ন্যা। তোমার ঘরে আলোত থ্যাকি সেমাইকোনা দিয়্যা হামার উপক্যার করলেন বাবা। তোমরা না দিলে ইদোত হামার সেমাই মুখোত পড়ল ন্যা হয়।’ ঈদ উপলক্ষে প্রথম আলোর উদ্যোগে বিতরণ করা সেমাই ও চিনি পেয়ে এভাবেই অনুভূতি জানান গাইবান্ধা সদর উপজেলার পূর্বকোমরনই গ্রামের শারীরিক প্রতিবন্ধী লিটু মিয়া (৪৬)। গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলায় গতকাল সোমবার ১০০ দরিদ্র নারী-পুরুষের মধ্যে এই সেমাই, চিনি ও গুঁড়ো দুধ বিতরণ করা হয়। দুপুর ১২টায় গাইবান্ধা আসাদুজ্জামান বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে এসব সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিব আহসান, গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. জাকারিয়া, গাইবান্ধা আসাদুজ্জামান বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম আজম, সাদুল্যাপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বন্ধুসভার সদস্যরা।সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের থানসিংহপুর, ফলিয়া, ঘাগোয়া ইউনিয়নের যুগিরঘাট, কুপতলা ইউনিয়নের বালুয়া ও খোলাহাটি ইউনিয়নের পূর্বকোমরনই এবং ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সমিতির বাজার, মদনেরপাড়া, কঞ্চিপাড়া, বালাসি, রসুলপুর গ্রামের ১০০ দরিদ্র নারী-পুরুষের প্রত্যেককে এক কেজি সেমাই, আধা কেজি চিনি ও প্রয়োজনীয় গুঁড়ো দুধ দেওয়া হয়। এর আগে গত শনি ও রোববার বন্ধুসভার সদস্যরা এলাকা ঘুরে দরিদ্রদের তালিকা তৈরি করেন।থানসিংহপুর গ্রামের হালিমা বেওয়া (৭৫) বলেন, ‘দুই ব্যালা পেটোত ভাত জোটে না। সেমাই-চিনি কিনমু ক্যামন করি। পোত্তম আলোর সেমাই পায়্যা ভালো হলো। ইদোত ছোলগুল্যাক খিলব্যার পামো।’ গাইবান্ধা সদরের ইউএনও আসিব আহসান বলেন, ‘দারিদ্র্যের কারণে অনেক পরিবার ঈদে সেমাই-চিনি কিনতে পারে না। প্রথম আলোর এই উদ্যোগে গরিবেরাও ঈদে সবার সঙ্গে আনন্দ উদ্যাপন করতে পারবে। এটি নিঃসন্দেহে মহৎ উদ্যোগ।’