আ.লীগের সংবাদ সম্মেলনে অভিযোগ
'সোনাগাজীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বতন্ত্র সাংসদ দায়ী'
‘ফেনীর সোনাগাজীর স্বতন্ত্র সাংসদ রহিম উল্যাহর পালিত সন্ত্রাসী বাহিনী স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ক্ষতির জন্য নানাভাবে পাঁয়তারা করছে। সোনাগাজীর বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য তিনিই দায়ী।’
গতকাল সোমবার সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে খোকন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সাংসদ রহিম উল্যাহর নির্দেশে সোনাগাজীতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা খুন হচ্ছেন, হয়রানির শিকার হচ্ছেন। তিনি সাজাপ্রাপ্ত আসামিদের সঙ্গে নিয়ে সোনাগাজীতে ত্রাসের রাজত্ব কায়েম করতে চান।
সংবাদ সম্মেলনে বলা হয়, স্বতন্ত্র সাংসদ রহিম উল্যাহ সন্ত্রাসী বাহিনী ও বিএনপি-জামায়াতের সঙ্গে আঁতাত করে সোনাগাজীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছেন।
জানতে চাইলে স্বতন্ত্র সাংসদ রহিম উল্যাহ তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন।