'সোনার বাংলা এক্সপ্রেস' ট্রেন আজ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম পথে নতুন বিরতিহীন আন্তনগর ট্রেন ‘সোনার বাংলা এক্সপ্রেস’ আজ শনিবার উদ্বোধন হবে। বেলা সাড়ে ১১টায় কমলাপুর স্টেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রেনের উদ্বোধন করবেন। তবে ট্রেনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে কাল রোববার থেকে। গতকাল এর টিকিটও বিক্রি হয়েছে। ইন্দোনেশিয়ায় তৈরি ১৬টি নতুন বগি নিয়ে চলাচল করবে এই ট্রেন।
উদ্বোধনী অনুষ্ঠানের কারণে আজ ঈদের অগ্রিম টিকিট বিক্রি বন্ধ থাকবে। ৪ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে কাল। ৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে পরশু। বাংলাদেশ রেলওয়ের পরিচালক (অপারেশন) সৈয়দ জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ট্রেনটি বিমানবন্দর স্টেশনের পর আর কোথাও থামবে না।
রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি প্রতিদিন ঢাকা থেকে সকাল সাতটায় ছাড়বে, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ৪০ মিনিটে। চট্টগ্রাম থেকে বিকেল পাঁচটায় ছেড়ে ঢাকার পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে। যাত্রী ধারণক্ষমতা ৭৪৬ জন। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) মোট আসন ২২০টি, শোভন চেয়ারের মোট আসন ৪২০টি, এসি বার্থের (শুয়ে যাওয়ার) আসন রয়েছে ৬৬টি।