'সোভিয়েত ইউনিয়ন ভেটো না দিলে স্বাধীনতা পেতাম না'
মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভূমিকার কথা স্মরণ করে বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাবে সোভিয়েত ভেটো না দিলে আমরা স্বাধীনতা পেতাম না।’
মুক্তিযুদ্ধের ৪৪ বছর পূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধ উৎসব ২০১৫: থিম কান্ট্রি রুশ ফেডারেশন’ (সাবেক সোভিয়েত ইউনিয়ন) অনুষ্ঠানে মোজাম্মেল হক এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির ব্যাপারেও সোভিয়েত ইউনিয়নের বিরাট ভূমিকা ছিল। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত রুশ ফেডারেশনের উপরাষ্ট্রদূত আনাতোলি দাভিদিনকো বলেন, ঐতিহাসিক ঘটনাগুলো সংরক্ষণ করা এবং তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ঢাকার রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক আলেক্সান্ডার পি ডেনিম বলেন, ‘বাংলাদেশ রাশিয়ার পুরোনো বন্ধু। অমরা সব সময় বাংলাদেশের পাশে থাকার চেষ্টা করি।’
মুক্তিযুদ্ধ একাডেমির চেয়ারম্যান আবুল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনান শরীফ আশরাফুজ্জামান।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা ও ডিমাইনিং অপারেশনের গুরুত্বপূর্ণ তথ্য, দলিল ও আলোকচিত্র নিয়ে উৎসব উপলক্ষে একটি স্যুভেনির প্রকাশ করা হয়।