রাজধানীর মিরপুর থানার পুলিশের হেফাজতে ঝুট ব্যবসায়ী মাহাবুবুর রহমান ওরফে সুজন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশের তথ্যদাতা (সোর্স) নাসিম শেখ গতকাল বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি গ্রহণের পর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে এই মামলায় মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান খানকে আরও দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল এসআই জাহিদ ও নাসিমকে রিমান্ড শেষে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের মধ্যে জাহিদকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মণ। শুনানি শেষে মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিকেলে নাসিম আদালতে জবানবন্দি দেন। মহানগর হাকিম অশোক কুমার দত্ত তাঁর খাসকামরায় জবানবন্দি নেন। সূত্র জানায়, নাসিম জবানবন্দিতে জানান, দীর্ঘদিন যাবৎ তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করছেন। সেই সূত্রে মিরপুর থানার এসআই জাহিদ ও অন্য কর্মকর্তাদের সঙ্গে তাঁর পরিচয়। পুলিশের সোর্স হিসেবে কাজ করার জন্য তাঁকে মাসে ৪০ হাজার টাকা দেওয়া হতো। গত ১৩ জুলাই রাত তিনটার দিকে এসআই জাহিদ তাঁকে ফোন করে বলেন, তিনি মাহাবুবুর রহমান সুজনকে চেনেন কি না। এরপর জাহিদ তাঁকে থানায় যেতে বলেন।
নাসিম জবানবন্দিতে বলেন, থানায় যাওয়ার পর তিনি দেখেন, একটি কক্ষে মাহাবুবুর রহমান, তাঁর স্ত্রী ও একটি শিশুকে আটকে রাখা হয়েছে। এসআই জাহিদ ছাড়াও অন্য পুলিশ সদস্যরা থানায় ছিলেন। জাহিদ তাঁকে সেহ্রির জন্য বিরিয়ানি আনতে পাঠান। তিনি বিরিয়ানি নিয়ে আসার সময় দেখেন, মাহাবুবুরকে লেগুনায় (যাত্রী পরিবহন করা যান) তোলা হচ্ছে। পুলিশ সদস্যরা তাঁকে জানান, শ্বাসকষ্টের চিকিৎসার জন্য মাহাবুবুরকে হাসপাতালে নেওয়া হচ্ছে। প্রথমে একটি ক্লিনিকে এবং সেখান থেকে মিরপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ফিরিয়ে দিলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেলে যাওয়ার পর জাহিদ তাঁকে জানান, মাহাবুবুর মারা গেছেন। এরপর তিনি চলে আসেন।
১৫ জুলাই এসআই জাহিদ ও নাসিমকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁরাসহ আটজনের বিরুদ্ধে মাহাবুবুর হত্যার ঘটনায় মিরপুর থানায় মামলা করে পুলিশ। ওই মামলায় এ দুজনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ। একই ঘটনায় ২০ জুলাই নিহত মাহাবুবুর রহমানের স্ত্রী মমতাজ সুলতানা মহানগর দায়রা জজ আদালতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন, এসআই জাহিদসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। আদালত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন। বিচার বিভাগীয় তদন্ত করছেন মহানগর হাকিম এস এম আসিকুর রহমান।