'সৈয়দ আশরাফের বক্তব্য সঠিক নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সংকটে বাংলাদেশ: নাগরিক ভাবনা’ শীর্ষক সংলাপে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি। সংলাপের যৌথ আয়োজক বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), ট্রান্সপারেন্সি ইন্ট্যারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি), আইন ও সালিশ কেন্দ্র এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, সৈয়দ আশরাফুল ইসলামের এ বক্তব্য সঠিক নয়।
আয়োজক চারটি প্রতিষ্ঠানের পক্ষে গতকাল সিপিডির পরিচালক আনিসাতুল ফাতেমা ইউসুফের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, সিপিডির নির্বাহী পরিচালক ২৪ ডিসেম্বর টেলিফোনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামকে সংলাপে উপস্থিত থাকার জন্য অনুরোধ করলে তিনি সম্মতি দেন। সংলাপের দিন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রকাশের কারণে ২৫ ডিসেম্বর তিনি অপারগতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীকে উপস্থিত থাকতে অনুরোধ করেন সিপিডির চেয়ারম্যান। আওয়ামী লীগের সভানেত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আমন্ত্রণ জানানো হলে তিনিও উপস্থিত থাকার সম্মতি দেন।
বিবৃতিতে আরও বলা হয়, ই-মেইল, খুদে বার্তা বা সরাসরি ফোনের মাধ্যমে আরও যাঁদের আমন্ত্রণ জানানো হয়, তাঁদের মধ্যে আছেন আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, মোহাম্মদ নাসিম, কে এম সফিউল্লাহ, নূহ-উল-আলম লেনিন, উপাধ্যক্ষ আবদুস শহীদ, ফারুক খান, আব্দুর রাজ্জাক, সাবের হোসেন চৌধুরী, মেহের আফরোজ চুমকী, রহমত আলী, আসাদুজ্জামান নূর, ইসরাফিল আলম, সাগুফতা ইয়াসমিন প্রমুখ। এ ছাড়া সরকারের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সংলাপে উপস্থিত থাকতে সম্মত হন, কিন্তু ঘন কুয়াশার কারণে তাঁর বিমান চট্টগ্রাম থেকে ২৭ ডিসেম্বর রাতে ঢাকায় অবতরণ করতে না পারায় তিনি অংশ নিতে পারেননি। বিজ্ঞপ্তি।