ডাকাতির এক দিন আগে সোনার দোকান থেকে ৮৫০ টাকায় একটি নাকফুল কেনা হয়। দোকানে সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা আছে কি না সেটিও তখন খেয়াল করা হয়। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা উল্লেখ করেছেন আন্তজেলা ডাকাত দলের সর্দার ইমতিয়াজ বাবুল।
গত বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম নুরে আলম ভুঁইয়ার খাস কামরায় জবানবন্দি দেন তিনি। আদালত ও পুলিশের একটি সূত্র জবানবন্দিতে দেওয়া বক্তব্যের বিষয়টি নিশ্চিত করেছেন।
১৩ ডিসেম্বর রাত সাড়ে আটটায় নগরের জিপিওর বিপরীতে গিনি গোল্ড ও অপরূপা জুয়েলার্সে ডাকাতি হয়। ডাকাতির সময় বোমার বিস্ফোরণে এক হকার নিহত হন। আহত হন দোকান কর্মচারীসহ নয়জন। ডাকাতির পরে পালানোর সময় ইমতিয়াজ বাবুলকে অস্ত্র ও গুলিসহ আটক করে পাহাড়তলী থানার পুলিশ। এ ঘটনায় ডাকাতদের স্ত্রীসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবাই কারাগারে রয়েছেন।
১৪ ডিসেম্বর বিকেলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে কথা হয় ইমতিয়াজের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘সোনার দোকানে ডাকাতি করলে লস হয় না।’
ডাকাতির মামলার তদন্ত দলের সদস্য কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, ইমতিয়াজ জবানবন্দিতে স্বীকার করেছেন ২০১৩ সালের ৪ মার্চ একটি ডাকাতির মামলায় কারাগারে যান। নভেম্বর মাসের শুরুতে যশোর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। ওই কারগার থেকে কাছাকাছি সময়ে মুক্তি পান শাহাদাত, খুলনা কারাগার থেকে হাছান ও কানা মানিক, ঢাকা থেকে ফোরকান ও জাকির। ২৫ নভেম্বর মুঠোফোনে তাঁদের সঙ্গে ইমতিয়াজের যোগাযোগ হয়। পরে ৫ ডিসেম্বর ঢাকার শ্যামপুর থানার পাশে পোস্তগোলা ব্রিজের পাশে বিকেলে বরগুনার কালাম ও জাকির, পিরোজপুর মঠবাড়িয়ার শাহজাহানসহ চারজন মিলিত হন। সেখানে বসে তাঁরা সোনার দোকানে ডাকাতির পরিকল্পনা করেন।
জবানবন্দিতে ইমতিয়াজ উল্লেখ করেছেন, ১০ ডিসেম্বর বাসে করে ঢাকা থেকে চট্টগ্রাম আসেন ইমতিয়াজ, কালাম, শাহজাহান, কানা মানিক ও হাছান। ওই দিন সন্ধ্যায় তাঁরা নগরের আক্তারুজ্জামান সেন্টার, ভিআইপি টাওয়ার ও মিমি সুপার মার্কেটে ঘোরাঘুরি করেন। কিন্তু এসব মার্কেটে সিসি ক্যামেরা থাকায় ডাকাতির পরিকল্পনা বাতিল করেন। পরে তাঁরা নিউমার্কেটে আসেন। এখানেও সুবিধা করা যাবে না ভেবে মন খারাপ করেছিলেন। নিউমার্কেট থেকে দক্ষিণের গেট দিয়ে বের হওয়ার সময় তাঁদের চোখে পড়ে জিপিওর বিপরীতে সোনার দোকানগুলো। দু-এক মিনিটের মধ্যে পৌঁছে যান সোনার দোকানগুলোর সামনে। তখন রাত আটটা বাজে। তাঁরা দোকানের সামনে দাঁড়িয়ে দোকান কয়টায় বন্ধ করা হয়, দোকানে কতজন থাকেন এসব লক্ষ করেন। আশপাশের এলাকাও ঘুরে দেখেন। রাতে তাঁরা সিদ্ধান্ত নেন জিপিওর বিপরীতে অনেকগুলো সোনার দোকান থাকলেও রাস্তার পাশের দুটি দোকানে তারা ডাকাতি করবেন বলে ঠিক করেন।
ইমতিয়াজ স্বীকারোক্তিতে উল্লেখ করেছেন, দোকানের সামনে হাতে ব্যাগে করে বোমা নিয়ে দাঁড়িয়েছিলেন মনির। কিন্তু তাঁর সঙ্গে পথচারীর ধাক্কা লাগলে বিকট শব্দে বোমা বিস্ফোরণ ঘটলে পুরো পরিকল্পনা ভেস্তে যায়।
ইমতিয়াজের পরিচয়: বাগেরহাট মোড়লগঞ্জ থানার খালাকোনা এলাকার আলী শেখের ছেলে ইমতিয়াজ বাবুল। প্রথমে রিকশা, পরে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। ২০০২ সালের আরেক ডাকাত সর্দার জাকিরের সঙ্গে চট্টগ্রামে তাঁর পরিচয় হয়। শুরু করেন গাড়ি ছিনতাই ও ডাকাতি। পুলিশের দেওয়া তথ্যমতে, সারা দেশে তাঁর বিরুদ্ধে ৫০টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে ২০টি মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গত ৪ নভেম্বর যশোর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। ২০০৯ সালের ২৬ জুন ঢাকার আমিন জুয়েলার্স, ২০০৮ সালে নগরের পাহাড়তলীতে অগ্রণী ব্যাংক, একই বছরে নগরের খুলশী এলাকায় ডা. তাহেরের বাসায় ডাকাতির মামলাতে আসামি তিনি।