'সোনালি করমর্দন', আতঙ্ক পিডিবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক দশক পর সরকার আবার বিদ্যুৎ খাত সংস্কারের প্রক্রিয়া শুরু করেছে। এর প্রধান লক্ষ্য হচ্ছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) রূপান্তরিত করে পেট্রোবাংলার আদলে করপোরেশন বা হোল্ডিং কোম্পানি করা। এ নিয়ে পিডিবির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ‘সোনালি করমর্দন’-এর মাধ্যমে চাকরি হারানোর আতঙ্ক সৃষ্টি হয়েছে।
সংস্কার প্রক্রিয়ায় এ ছাড়াও আছে সরকারি-বেসরকারি নির্বিশেষে সব বিদ্যুৎকেন্দ্রের জন্য একটি ‘অপারেশন অ্যান্ড মেনটেইন্যান্স কোম্পানি’ গঠন; ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানির (ইজিসিবি) কাছে হরিপুর ও সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্র হস্তান্তর; ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রকে আলাদা কোম্পানিতে রূপান্তর এবং পিডিবির পাঁচটি বিতরণ অঞ্চল নিয়ে আরও অন্তত তিনটি আলাদা বিতরণ কোম্পানি গঠন। আগামী বছরের ১ জানুয়ারি থেকে এসব কাজ শুরু করবে বলে মন্ত্রণালয় সূত্র জানায়।
তবে রূপান্তরিত পিডিবির আইনানুগ অবস্থান ও কাজ কী হবে তা বিদ্যুৎ মন্ত্রণালয়, পিডিবি কিংবা রূপান্তরের পথ ও পদ্ধতি সম্পর্কে সুপারিশ প্রণয়নের জন্য করা কমিটির অনেক সদস্যের কাছেও স্পষ্ট নয়। পিডিবিকে নিয়ে সরকার কী করতে চায়—এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে এক কথায় বলেন, ‘পিডিবিকে স্মার্ট করতে চাই।’
বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকায় পিডিবির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে একধরনের আতঙ্ক আছে। তাঁরা শুনছেন, করপোরেশন বা হোল্ডিং কোম্পানি করা হলে আনেকেই চাকরি হারাবেন। ‘সোনালি করমর্দন’-এর মাধ্যমে চাকরি থেকে তাঁদের বাধ্যতামূলক বিদায় নিতে হবে।
এই আতঙ্ক থেকেই বিদ্যুৎ খাতের ছয়টি প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়নের সমন্বয়ে গঠিত বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ফেডারেশন এবং পিডিবির সিবিএ সংস্কার কর্মসূচি প্রতিহত করার লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, সচিব মনোয়ার ইসলাম ও পিডিবির চেয়ারম্যান আবদুহু রুহুল্লাহ্ উক্ত ফেডারেশন ও সিবিএর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
ওই বৈঠক সম্পর্কে জানতে চাইলে পিডিবির সিবিএর সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বৈঠকে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো ধারণা আমরা পাইনি। তাই আমরা শ্রমিক-কর্মচারীদের দাবির কথা বলেছি। আমরা যে পিডিবিকে খণ্ড-বিখণ্ড করার বিরোধী, তা পরিষ্কার করেই বলা হয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বৈঠকের সরকার পক্ষের একটি সূত্র বলেছে, সংস্কার সম্পর্কে তাঁরা শ্রমিকনেতাদের বক্তব্য শুনেছেন। সংস্কারের পরিধি কী হবে, তা নির্ধারণের জন্য কমিটি কাজ করছে। তাদের সুপারিশ পেলেই সবকিছু স্পষ্ট হবে।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের আরেকটি সূত্র বলেছে, তড়িঘড়ি এ সংস্কার কর্মসূচি শুরু করার কারণ হিসেবে বলা হচ্ছে, গত ৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সভায় ওই নির্দেশনা দেন। কিন্তু সেই সভায় উপস্থিত অনেক কর্মকর্তা বলছেন, এমন কোনো নির্দেশনার কথা তাঁরা মনে করতে পারছেন না। এ নিয়েও কিছুটা বিভ্রান্তি রয়েছে।
মন্ত্রণালয় সূত্র বলেছে, নব্বইয়ের দশকে দাতাগোষ্ঠী বিদ্যুৎ খাত সংস্কারের তাগিদ দিয়েছিল। সে অনুযায়ী ২০০৩-০৪ সাল পর্যন্ত কিছু সংস্কার হয়েছেও। তারপর তা বন্ধ ছিল।
দাতাগোষ্ঠীর সুপারিশ অনুযায়ী তখন পিডিবি ভেঙে পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) করা হয়। এরপর বিদ্যুৎ উৎপাদন খাতে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি, ইজিসিবি ও নর্থ-ওয়েস্ট জোন পাওয়ার কোম্পানি করা হয়। বিতরণ খাতে ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো করা হয়। এর একটি কোম্পানিও এখন পর্যন্ত স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। তাই এসব কোম্পানির ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন তথা সার্বিক কর্মকাণ্ড মূল্যায়ন করে ভবিষ্যৎ কার্যক্রম গ্রহণ করা উচিত। কিন্তু তা করা হচ্ছে না।